চিত্রনায়িকা পরীমণিকে বড় পর্দায় সর্বশেষ দেখা গিয়েছিল ‘মা’ সিনেমায়। সেটাও গেল বছর মে মাসে। এরপর কেটে গেছে ১৭ মাস। অবশ্য এর মাঝে গেল বছর ‘পাফ ড্যাডি’ ওয়েব ফিল্ম দিয়ে ওটিটি জগতের খাতা খুলেছেন তিনি। এবার মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’।
স্বাভাবিকভাবেই প্রথম সিরিজ নিয়ে পরীমণি শুরু থেকেই বেশ এক্সসাইটেড। তা বোঝা গেলো ‘রঙিলা কিতাব’ মুক্তি উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজিত সংবাদ সম্মেলনে।
মঞ্চে উঠেই পরীমণি জানালেন, “রঙিলা কিতাব’ আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজকে ট্রেইলার মুক্তি পেলো, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা। আগামী ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে আমাদের সিরিজটি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাসসহ সিরিজের অন্যান্য অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।



















