ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন

৪১-এ পা দিয়ে জীবনের গল্প শেয়ার করলেন অভিনেত্রী বাঁধন

জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন ৪১ বছর বয়সে পা দিলেন সোমবার (২৮ অক্টোবর)। দেশের গণ্ডি পেরিয়ে বলিউড ও কান চলচ্চিত্র উৎসবেও নিজের অভিনয় দক্ষতা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে বর্তমানের এই সাফল্যের পথচলা এতটা মসৃণ ছিল না, বরং ছিল অনেক চড়াই-উতরাইয়ে ভরা।

জন্মদিন উপলক্ষে বাঁধন তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করেন। জীবনের নানা উত্থান-পতনের কথা স্মরণ করে বাঁধন লেখেন, “প্রিয় পৃথিবী, আজ আমার ৪১তম জন্মবার্ষিকী। কতটা চমৎকার আমার এই পথচলা! যদিও এটি খুব মসৃণ ও শান্তির ছিল না। জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে—কখনো জিতেছি, কখনো হেরেছি; আবার হেসেছি ও কেঁদেছি। এই সবকিছুই আমাকে তৈরি করেছে বর্তমানের আমি।”

বাঁধনের অভিনয় ক্যারিয়ার শুরু হয় লাক্স সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এরপর নাটক, টেলিফিল্ম, এবং চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। নেটমাধ্যমেও সরব বাঁধন, সমাজের বিভিন্ন ইস্যুতে মত প্রকাশের পাশাপাশি নারী ও শিশু কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত আছেন।

জন্মদিনের পোস্টে বাঁধন আরো বলেন, “আমি নিজেকে নিয়ে গর্বিত এবং নিজের জন্য সর্বদা নিবেদিত। যখন আমি চুপ থাকি, এর মানে নতুন কিছু আসছে—শুধু অপেক্ষা করুন।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ