পুঁজিবাজারে তালিকাভুক্ত নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়েছে।
সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা, যা আগের বছরের ৫ টাকা ৫৯ পয়সার চেয়ে কম। ৩০ জুন, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৪২ টাকা ৪৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।



















