বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহযোগিতায় দেশের পুঁজিবাজারের উন্নয়নে কাজ করবে বিশ্বব্যাংক ও যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এ লক্ষ্যে রবিবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে চারদিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধন করা হয়। বিএসইসি, বিশ্বব্যাংক ও ইউএস এসইসির যৌথ উদ্যোগে আয়োজিত ‘সিকিউরিটিজ রেগুলেশন বাড়ানোর উপর সম্মেলন’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
উদ্বোধনী বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান বলেন, “আমরা সৌভাগ্যবান যে, ইউএস এসইসি এবং বিশ্বব্যাংকের সহায়তায় পুঁজিবাজারের ক্ষেত্রে অসাধারণ দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে এমন অভিজ্ঞদের দ্বারা এধরণের একটি কর্মশালা আয়োজন করতে পেরেছি। এই কর্মশালা অংশীজনদের পুঁজিবাজার সম্পর্কিত দৃষ্টিভঙ্গি বুঝতে সহায়তা করবে।” তিনি ভবিষ্যতে আরও অনেক কার্যক্রম পরিচালনার আশা প্রকাশ করেন।
ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ইকোনোমিক অফিসার মিস্টার জেমস গার্ডিনার বলেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতির খাতের প্রয়োজনীয় সংস্কারে সহায়ক ভূমিকা রাখতে প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি কর্মশালার আয়োজকদের ধন্যবাদ দেন।
বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট মিস্টার জসল্ট বাঙ্গ বলেন, “বিশ্বব্যাংক বাংলাদেশের পুঁজিবাজারকে আরও উন্নত করতে প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে কাজ করছে।”

কর্মশালায় ইউএস এসইসির বিভিন্ন কর্মকর্তা পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। এতে বিএসইসি, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইবি), বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালার মাধ্যমে দেশের পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির আশা প্রকাশ করা হয়েছে, যা ভবিষ্যতে বাজারের উন্নয়নে ভূমিকা রাখবে।


















