ঢাকা, সোমবার, ১১ মে ২০২৬, ৫:৫১ পূর্বাহ্ন

ডিএসই প্রতিনিধি দলের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ আলোচনা

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর চেয়ারম্যান মমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খানের সঙ্গে সাক্ষাৎ করেছে। রবিবার (২৭ অক্টোবর) এনবিআর চেয়ারম্যানের অফিসে অনুষ্ঠিত এ সাক্ষাতে ডিএসই’র পক্ষ থেকে বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ডিএসই প্রতিনিধিরা পুঁজিবাজারে ইতিবাচক ধারা ফিরিয়ে আনার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের নীতি সহায়তার অনুরোধ জানান এবং একটি লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন।

লিখিত প্রস্তাবে উল্লেখ করা হয়, পুঁজিবাজার বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতির একটি প্রধান চালিকাশক্তি, কিন্তু বিভিন্ন অনিয়ম এবং নীতি অসংগতির কারণে তা অর্থনীতিতে কাঙ্ক্ষিত ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। প্রস্তাবনায় পুঁজিবাজারের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়, এবং বলা হয়, এই সংস্কার কার্যক্রম সফল হলে দেশের পুঁজিবাজার শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হবে।

ডিএসই’র পক্ষ থেকে জানানো হয় যে, আয়কর আইন ২০২৩ অনুযায়ী, ৫০ লক্ষ টাকার বেশি মূলধনী আয়ের উপর কর অব্যাহতি প্রত্যাহারের কারণে বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে বিমুখ হয়েছে। এর ফলে দৈনিক লেনদেন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং সূচকের পতন বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রতিনিধিদল এনবিআর’র চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানায় যে, ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য মূলধনী আয়ের উপর অর্জিত আয়কে সম্পূর্ণরূপে কর অব্যাহতি দেয়ার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। তারা আরও জানান, এর ফলে পুঁজিবাজার এবং টার্নওভার ট্যাক্স ও ক্যাপিটাল গেইন ট্যাক্সের প্রবৃদ্ধি হবে।

এনবিআর চেয়ারম্যান বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন জানিয়ে বলেন, তিনি শীঘ্রই প্রস্তাবনাগুলোর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং ডিএসই’র নেতৃত্বশীল ভূমিকা পালনের অনুরোধ করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ