দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) দুই সংখ্যাবিশিষ্ট প্রিমিয়াম নাম্বার প্লেটের নিলাম শেষ করেছে।
দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ) দুই সংখ্যাবিশিষ্ট প্রিমিয়াম নাম্বার প্লেটের নিলাম শেষ করেছে। আরটিএর ১১৬তম উন্মুক্ত লাইসেন্সিং প্লেটস নিলামে এ ধরনের ৯০টি নাম্বার প্লেট বিক্রির জন্য তোলা হয়। নিলাম থেকে ৬ কোটি ৯১ লাখ দিরহাম আয় করেছে সংস্থাটি। নিলামে AA, L, N, P, Q, R, S, T, U, V, W, X, Y ও Z কোডযুক্ত এবং ২-৫ সংখ্যার নাম্বার প্লেট স্থান পায়।
সবচেয়ে আকর্ষণীয় প্লেটের মধ্যে AA17 সর্বোচ্চ ৮০ লাখ ২০ হাজার দিরহামে বিক্রি হয়। এছাড়া Y১০০ প্লেট ৪৫ লাখ ৫০ হাজার, V৯৬ প্লেট ৪১ লাখ এবং AA৩৩৩ প্লেট ৩০ লাখ ১০ হাজার দিরহামে বিক্রি হয়। প্রসঙ্গত গাড়ির নাম্বার প্লেটের ক্ষেত্রে সাধারণত কম সংখ্যার নাম্বার প্লেটকে প্রিমিয়াম হিসেবে ধরা হয়। এর আগে ৭ অক্টোবর নিলামে অংশ নিতে আগ্রহীদের নিবন্ধন শুরু হয়।
নিবন্ধনের জন্য আগ্রহীদের ট্রাফিক ফাইল এবং আরটিএকে ২৫ হাজার দিরহামের একটি নিরাপত্তা চেক জমা দিতে হয়েছে। প্রতিটি নাম্বার প্লেট বিক্রিতে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ধার্য করে সংস্থাটি। আরটিএ দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে প্রিমিয়াম নাম্বার প্লেট নিলাম করছে। উন্মুক্ত নিলামে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে বিশেষ জোর দেয়া হয়। নিলামে বিশেষ নাম্বারগুলোর প্রতি ক্রেতারা বেশি আকৃষ্ট হন।
কারণ জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যক্তিগত সংযোগ বা উচ্চাকাঙ্ক্ষার প্রতীক হিসেবে এসব নাম্বার প্লেটকে বিবেচনা করেন তারা। এর আগে গত বছর টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের কাছে ৫ কোটি ৫০ হাজার দিরহামে P৭7নাম্বার প্লেট বিক্রি করে আরটিএ বিশ্ব রেকর্ড করেছিল।



















