আয়ের তুলনায় অতিরিক্ত খরচের ধাক্কা সামাল দিতে প্রায় তিন হাজার কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ নিয়েছে মার্কিন স্বাস্থ্য খাতের অন্যতম কোম্পানি সিভিএস হেলথ। খবর সিএনএন।
সম্প্রতি প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, অতিরিক্ত খরচ কমানো ও প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে কয়েক বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে সিভিএস। এতে কোম্পানিটির ২০০ কোটি ডলার সাশ্রয় হবে।
এ পরিকল্পনার আওতায় সিভিএস হেলথের ২ হাজার ৯০০ জনের মতো কর্মী বাদ পড়ছেন, যা কোম্পানির মোট জনশক্তির ১ শতাংশের কম।
কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে করপোরেট খাতে ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে। এতে স্টোর, ফার্মেসি বা বিতরণ কেন্দ্রের মতো সম্মুখ সারির পরিষেবা প্রভাবিত হবে না।
যুক্তরাষ্ট্রজুড়ে পরিষেবাদাতা কোম্পানিটি আগেও কর্মী কমিয়েছে। গত বছর সিভিএসের পাঁচ হাজারের মতো জনশক্তি ছাঁটাই করেছে। শুধু কর্মী নয় ব্যবসা সংকোচনের সিদ্ধান্তও নিয়েছিল স্বাস্থ্য খাতের এ কোম্পানি। ২০২১ সালে সিভিএস জানিয়েছিল, ২০২২ ও ২০২৪ সালের মাঝে ৯০০ স্টোর বন্ধ করে দেবে।

প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেন, ‘আমাদের এ শিল্প ক্রমাগত প্রতিবন্ধকতা, নিয়ন্ত্রক চাপ এবং পরিবর্তিত ভোক্তা চাহিদা ও প্রত্যাশার মুখোমুখি হচ্ছে।’


















