পার্শ্ববর্তী দেশ ভারতের পাহাড়ি ঢল ও প্রতিকূল আবহাওয়ার জন্য ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের পূর্বাঞ্চলে। ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুরসহ কয়েক জেলায় প্রবেশ করেছে বন্যার পানি। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
বন্যার্তদের এই অবস্থায় দেশের অন্য সব অঞ্চলের মানুষরা দুঃখ প্রকাশ করছেন। নিকটস্থ এবং সামর্থ্যবানদের সহযোগিতায় এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন অনেকে। তাদের মধ্যেই একজন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।
বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বন্যা আক্রান্ত একটি ডামি ছবি শেয়ার করে সৃষ্টিকর্তার সাহায্য কামনা করেন তিনি। অপু বিশ্বাস লেখেন, ‘সর্বশক্তিমান আল্লাহ, আমাদের দেশকে বন্যা থেকে রক্ষা করো।’
তার সেই পোস্টে ভক্তরাও নিজেদের উদ্বেগের কথা প্রকাশ করেন। একইসঙ্গে এমন পরিস্থিতিতে সকলে সৃষ্টিকর্তার সাহায্য প্রার্থনা করেন। পাশাপাশি একে অপরের সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান।
প্রসঙ্গত, কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে বাংলাদেশসংলগ্ন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে। বন্যার কারণে ত্রিপুরা রাজ্য সরকার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে। ফলে গোমতী ও ফেনী নদীর পানি হঠাৎ বেড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল তলিয়ে গেছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুধবার সকাল থেকেই ফেনী, নোয়াখালী, কুমিল্লার পরিস্থিতি অবনতি হতে শুরু করে। এরপর রাত নামতেই চারদিকে আর্তনাদের সৃষ্টি হয়। সাধারণত ফেনী বা নোয়াখালীর মানুষ অতীতে কখনোই এরকম পরিস্থিতির মুখে না পড়ায়, তাদের কোনো প্রস্তুতিই ছিল না বন্যা মোকাবেলার। যে কারণে তাদের জন্য বুধবার দিবাগত রাতটি ‘বিভাষীকাময়’ এক অধ্যায় হিসেবে আজীবন মনে দাগ রেখে যাবে।


















