ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেছেন। পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার বিয়ে সেরেছেন তিনি। বরের নাম সালমান আরাফাত।
নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। শুক্রবার রাতে বিয়ের অনুষ্ঠানের বেশকিছু ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, আলহামদুলিল্লাহ! একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লিখেন, ‘আলহামদুলিল্লাহ।’
এদিকে নাদিয়ার বিয়ের খবরে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রীর ওই পোস্টটিতে তাসনিয়া ফারিণ, অন্তু করিম, অভিনেতা মুকিত জাকারিয়া, অভিনেত্রী শাহনাজ খুশি, মনিরা খান মিঠুসহ শোবিজ অঙ্গনের অনেককেই নাদিয়া ও সালমানকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। মন্তব্যঘরে পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেক শুভকামনা।’
উল্লেখ্য, দেশের শোবিজে প্রায় এক যুগ পেরিয়েছে নাদিয়ার পথচলা। ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান। এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন। বর্তমানে টিভি নাটকে প্রথম সারির অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচিত।



















