দুই বাংলায় সমানভাবে কাজ করে চলেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গত এপ্রিলের শুরুতেই মুক্তি পেয়েছিল মিথিলা অভিনীত টালিউড সিনেমা ‘ও অভাগী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। আর এই সিনেমাতে অভিনয়ের জন্য ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিথিলা।
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে বসেছিল ১৪ তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আসর। সিনেমার এই উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেত্রী। যদিও দিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মিথিলা। কারণ, এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন তিনি। তবে তাঁর জায়গায় পুরস্কার গ্রহণ করেছেন ছবির পরিচালক ও প্রযোজক। তবে এই পুরস্কারে সম্মানিত হয়ে মিথিলা ভীষণ খুশি।
এক ভিডিও বার্তায় মিথিলা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে সকলকে জানাতে চাই, দিল্লিতে আয়োজিত ১৪ তম দাদাসাহেব ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এ আমি সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছি। ও অভাগী ছবিতে অভিনয়ের জন্য এই পুরস্কার আমি পেয়েছি। আমি এ জন্য আমাদের পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ড. প্রবীর ভৌমিক এবং আমাদের গোটা টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই।’
মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল ‘ও অভাগী’ সিনেমা নিয়ে। সিনেমাটিতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন—আরজে সায়ন, দেবযানী চট্টোপাধ্যায়, আর জে জিনিয়া, কৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সৌরভ হালদারের মতো অভিনেতারা। সম্পাদনা করছেন সুজয় দত্ত রায় এবং সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মলয় মণ্ডল। সঙ্গীত পরিচালনায় ছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। সিনেমায় গান গেয়েছেন রূপঙ্কর বাগচি, লগ্নজিতা চক্রবর্তী, বাংলাদেশের অনিমেষ রায়সহ আরও অনেকে।



















