ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ন

আজ বিপিএলে মুখোমুখি কুমিল্লা-চট্টগ্রাম ও রংপুর-খুলনা

বিপিএলের ৩০তম ম্যাচে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে এবারের আসরের আরেক হার্টথ্রব দল খুলনা টাইগার্স। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় ম্যাচটি শুরু হবে।

বিপিএলে ঢাকা পর্বের পর একদিনের বিরতি শেষে চট্টগ্রামে মাঠে গড়াচ্ছে এই ম্যাচটি। নিজেদের শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয়ের মুখ দেখেছে রংপুর।

পয়েন্ট টেবিলের ৫ নম্বরে অবস্থান করা খুলনা টাইগার্স নিজেদের শেষ পাঁচ ম্যাচে দুটি ম্যাচে জয়ের মুখ দেখেছে।

রংপুর নিজেদের শেষ ম্যাচটি খেলেছিলো চট্টগ্রামের চ্যালেঞ্জার্সের বিপক্ষে। সেই ম্যাচে বিপিএলের দশম আসরের প্রথম ২০০ রানের মাইলফলক স্পর্শ করে সাকিবের রংপুর। ব্যাটিং ঝড়ে ২১১ রানের লক্ষ্য সংগ্রহ করে তারা, যা এই আসরের সর্বোচ্চ। এদিকে রংপুর শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে দীর্ঘ ৬ বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভিডিও অ্যানালিস্ট হিসাবে কাজ করা ভারতের শ্রীনিবাস চন্দ্রশেখর।

এদিকে খুলনা টাইগার্সের হয়ে আজকের ম্যাচে মাঠে নামবেন ইংলিশ ব্যাটার আলেকজান্ডার ড্যানিয়েল হেলস। জানা গেছে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ফাহিম আশরাফররা দল ছাড়ায় বিপাকে পড়ে যায় এনামুল হক বিজয়ের দল। তাই হেলসের দলে আসা কিছুটা হলেও স্বস্তির বাতাস ছড়াচ্ছে খুলনা শিবিরে।

অন্যদিকে আজ দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় একই ভেন্যুতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

টানা জয়ে টেবিলে দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ চারও অনেকটাই নিশ্চিত। বিপিএলে সব থেকে বেশি সাফল্য পাওয়া এই দলটির তাই এবারো লক্ষ্য শিরোপার দিকে। তাইতো সময়ের সাথে নিজেদেরকে আরো গুছিয়ে নিতে চান দলের সহকারী কোচ সালাহউদ্দিন আহমেদ উজ্জ্বল। তিনি বলেন, ‘নিয়মিত ক্রিকেট খেলতে থাকলে কোনো একটা দলের এরকম সমস্যা আসবেই। তাদের উত্তরণের পথ আমাদেরই বের করতে হয়। আমরা কিছুটা কামব্যাক করেছি।’

এদিকে ঢাকা-সিলেট-ঢাকা পর্ব শেষে ৮ ম্যাচে ১২ পয়েন্টে শীর্ষে আছে রংপুর। ৭ ম্যাচে ১০ পয়েন্ট কুমিল্লার। এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট চট্টগ্রাম চ্যালেঞ্জার্সেরও। ৮ ম্যাচে ৮ পয়েন্ট তামিম ইকবালের দল ফরচুন বরিশালের। ৭ ম্যাচ খেলা খুলনার পয়েন্টও আট। ৯টি করে ম্যাচ খেলে সিলেট ৬ পয়েন্টে আছে ছয় নম্বরে। ২ পয়েন্টে সবার শেষে অবস্থান দুর্দান্ত ঢাকার।

চট্টগ্রামে এবার বিপিএলের ১২ ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ ফেব্রুয়ারি আবারো ঢাকায় ফিরবে বিপিএল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ