ঢাকা, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন

নির্বাচন হবে এবং সময়মতোই হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচন হবে এবং সেটা সময়মতোই হবে। বিএনপি একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, নির্বাচন হবে এবং সময়মতোই হবে। নির্বাচন থামাতে পারবে না, আগেও পারেনি, এবারও পারবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত জোট এরা যে সন্ত্রাসী এবং বিএনপি যে একটা সন্ত্রাসী দল সেটাই তারা ২৮ অক্টোবর পুনরায় প্রমাণ করলো।

তিনি বলেন, মাঝখানে কিছুদিন বিএনপি রাজনৈতিকভাবে কর্মসূচি করছিলো এবং আপনারা নিশ্চয়ই বিশেষভাবে লক্ষ্য করেছিলেন আমাদের সরকার কিছু তাদের কোনো বাধা দেয়নি। তাদের ওপর একটা শর্ত ছিলো, তারা অগ্নিসংযোগ বা ভাঙচুর করবে না।

তিনি আরও বলেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরায়েলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো পার্থক্য নেই।

শেখ হাসিনা বলেন, তারা যখন সুষ্ঠুভাবে রাজনৈতিক কর্মসূচি করছিলো তাতে কিন্তু মানুষের একটু আস্থা-বিশ্বাসও তারা ধীরে ধীরে অর্জন করতে শুরু করেছিলো। কিন্তু ২৮ তারিখে বিএনপি যেসব ঘটনা ঘটালো, বিশেষ করে যেভাবে পুলিশকে হত্যা করেছে, মাটিতে ফেলে যেভাবে কোপালো, সাংবাদিকদের যেভাবে পেটালো, এ ঘটনার পর জনগণের ধিক্কার ছাড়া বিএনপির আর কিছুই জুটবে না।

বিএনপির অবরোধের সমালোচনা করে সরকারপ্রধান বলেন, কিসের অবরোধ, কার জন্য অবরোধ। যখন দেশের উন্নয়ন হচ্ছে, সারা বিশ্ব প্রশংসা করছে, তাদের কাজটাই হলো উন্নয়ন নস্যাৎ করা।

উল্লেখ্য, গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদান উপলক্ষে সম্প্রতি ব্রাসেলসে তিনদিনের সরকারি সফরের অভিজ্ঞতা তুলে ধরতে এই সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ