মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এমডিবি এএমসি) পরিচালিত ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ড “মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড”-এর প্রাথমিক ইউনিট বিক্রি সফলভাবে সম্পন্ন হয়েছে।
ফান্ডটির সাবস্ক্রিপশন পর্বে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। এটি পেশাদার ব্যবস্থাপনায় পরিচালিত মিউচুয়াল ফান্ড এবং বাংলাদেশের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি সম্ভাবনার প্রতি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মিউচুয়াল ফান্ড) রুলস-এর আওতায় “মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড”-এর প্রসপেক্টাস অনুমোদন করে।
ফান্ডটির স্পন্সর হিসেবে রয়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ফান্ড ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া সান্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ট্রাস্টি এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে।
২৫ কোটি টাকা প্রাথমিক লক্ষ্যমাত্রা নিয়ে ফান্ডটি চালু করা হয়। এর মধ্যে স্পন্সর হিসেবে মিডল্যান্ড ব্যাংক পিএলসি ২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করে এবং অবশিষ্ট অর্থ সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হয়। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রাথমিক সাবস্ক্রিপশন শেষ হওয়ার পর এখন থেকে বিনিয়োগকারীরা প্রচলিত বিধি-বিধান অনুযায়ী বিদ্যমান নেট অ্যাসেট ভ্যালু (NAV) দামে ইউনিট ক্রয় ও সমর্পণ করতে পারবেন।
“মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ড” মূলত শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন তালিকাভুক্ত শেয়ার, সরকারি সিকিউরিটিজ, মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট এবং অনুমোদিত অন্যান্য আর্থিক সম্পদে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদি মূলধনী প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে পরিচালিত হবে। ফান্ডটি টেকসই প্রবৃদ্ধি, বিনিয়োগের বহুমুখীকরণ এবং ঝুঁকি ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে গবেষণাভিত্তিক বিনিয়োগ কৌশল অনুসরণ করবে।
মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামির উদ্দিন, সিএফএ বলেন, “মিডল্যান্ড ব্যাংক গ্রোথ ফান্ডের প্রতি আস্থা রাখার জন্য আমরা বিনিয়োগকারী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সফল সাবস্ক্রিপশন বাংলাদেশের বিনিয়োগকারীদের মধ্যে পেশাদারভাবে পরিচালিত বিনিয়োগ উপকরণের প্রতি আগ্রহ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে।”
তিনি আরও বলেন, “এমডিবি এএমসি সর্বোচ্চ পেশাদারিত্ব, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে এবং শৃঙ্খলাপূর্ণ বিনিয়োগ ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদি মূল্য বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
মিডল্যান্ড ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড একটি পেশাদার সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, যা বাংলাদেশে মিউচুয়াল ফান্ড পরিচালনা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং করপোরেট অ্যাডভাইজরি সেবা প্রদান করে আসছে।


















