বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আজিজুর রহমান বুলি মারা গেছেন। চলচ্চিত্র প্রযোজক সমিতির সাবেক এ সভাপতি রবিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭৮ বছর।
বিষয়টি নিশ্চিত করে চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার বলেন, আজিজুর রহমান বুলি ছিলেন চলচ্চিত্র শিল্পের একজন যোগ্য নেতা। চলচ্চিত্র প্রযোজকদের যে কোন সমস্যায় তিনিই প্রথম সাহায্যের জন্য এগিয়ে আসতেন। গভীর রাতেও তিনি ছুটে আসতেন প্রযোজক পরিচালদের সমস্যার সমাধান করতে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্প একজন গুণী ও ভালো মানুষকে হারালো।
সকাল ১০টায় উত্তরা ৭ নম্বর সেক্টরের মসজিদে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বাদ জোহর দ্বিতীয় জানাযার পর বনানী কবরস্থানে দাফন হবে বলে জানা গেছে।
সত্তরের দশকে ‘নাচের পুতুল’ প্রযোজনা করে সিনেমাতে আজিজুর রহমান বুলির আগমন। এর পর ১৯৮০ সালে ‘শেষ উত্তর’ সিনেমা দিয়ে নির্মাণে হাতেখড়ি হয় তার।
সবশেষ এ নির্মাতাকে দেখা গিয়েছিল ‘বন্ধু যখন শত্রু’ সিনেমায়। আজিজুর রহমান বুলির সিনেমায় শবনম, সোহেল রানা, জসীম, ইলিয়াস কাঞ্চন, শাবানা, নূতন, ববিতা, অলিভিয়া, অঞ্জনা, সুচরিতা, রোজিনা ছাড়াও অভিনয় করেছেন ভারতের শতাব্দী রায় ও রঞ্জিত মল্লিকের মতো তারকারা।

তার অধিকাংশ সিনেমা বিদেশে চিত্রায়িত হয়েছে। এ কারণে ইন্ডাস্ট্রিতে তিনি ‘পর্যটক-প্রযোজক-পরিচালক’ হিসেবে পরিচিত ছিলেন।


















