জাতীয় গ্রিডের ত্রুটির কারণে গতকাল মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত সারাদেশে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে তা সবারই জানা।
পুরো দেশবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে সেটিও কারো অজানা নয়। এর কারণে বাণিজ্যিক কাজ থেকে শুরু করে সব রকম প্রাত্যহিক কাজে ব্যাঘাত ঘটেছে। তেমনি দেশের পোশাক শিল্পের কাজেও ঘটেছে ব্যাঘাত।
এমন পরিস্থিতির জন্য অদূরদর্শিতা ও অপরিকল্পনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যদিও এ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি হয়তো কারণ বের করতে পারবে তবে অন্যান্য খাতের মতো পোশাক শিল্পের যে ক্ষতি হয়েছে মাত্র কয়েক ঘণ্টায় তা পুষিয়ে নেওয়া সত্যিই কষ্টসাধ্য। গতকালের বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পোশাক শিল্পে প্রায় এক হাজার দুইশো ৩৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।
জানা গেছে, দেশ থেকে একদিনে পোশাক রপ্তানি হয় ১২০ মিলিয়ন ডলারের। সে হিসাবেই গতকাল বিদ্যুৎ বিপর্যয়ের কারণে পোশাক শিল্পে এই ১২০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে যা দাঁড়ায় এক হাজার ২৩৬ কোটি টাকা (এক ডলার = ১০৩ টাকার হিসেবে)।
বিজিএমইএ নেতারা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিএমইএ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিপর্যয়ের কারণে চরম বিড়ম্বনায় পড়তে হয় শিল্প কারখানাগুলোকে। এমনিতেই গ্যাস সঙ্কটের কারণে দিনের শুরু থেকে বিকাল পর্যন্ত উৎপাদন একরকম বন্ধই থাকে। বিকেল বা সন্ধ্যার পর থেকে গ্যাসের চাপ বাড়লে শিল্পের উৎপাদন শুরু হয়। বিদ্যুৎ বিপর্যয় হওয়ায় গতকাল মঙ্গলবার শিল্পের চাকা ঘুরেনি বললেই চলে। এজন্য এই একদিনে ১২০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।


















