ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জসহ দেশের উত্তরাঞ্চলে প্লাবিত হয়েছে। অতীতের সব রেকর্ড ভেঙে সেখানে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। এছাড়া চট্টগ্রাম, নেত্রকোনাসহ আরো কিছু জেলাও বৃষ্টির পানির কারণে বিপর্যয়ে পড়েছে।
গতকাল (১৭ জুন) ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। তুলনামূলক একটু বেশি বৃষ্টিপাত হলেই বিপাকে পড়েন ঢাকাবাসী। রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাতে হয় তাদের।
এদিন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির উত্তরার বাসার সামনের রাস্তায়ও এক হাঁটু পানি জমেছিল। ফেসবুক লাইভে এসে বাসার সামনে আটকে থাকা বৃষ্টির পানিও দেখান তিনি।
এ সময় মাহি বলেন, ‘আমাদের বাসার সামনে কক্সবাজার হয়ে গেছে। ইশ, আমার পানিতে হাঁটতে মন চাচ্ছে।’
এ সময় মাহির পাশ থেকে তার স্বামী রাকিব সরকার বলেন, ‘কারও কারও দুর্ভোগ, কারও কারও উৎসব।’

তার মন্তব্যের প্রসঙ্গ টেনে মাহি বলেন, ‘না, উৎসব না। ছোটবেলায় স্কুল ছুটির পর যখন দেখতাম এমন বৃষ্টি আর পানি, তখন ইচ্ছা করেই পানিতে পড়ে যেতাম।’
মাহি আরো বলেন, ‘এটার (রাস্তায় জমে থাকা পানি) মধ্যে দিয়ে আমার হাঁটতে মন চাচ্ছে। আমি জীবনেও এত পানি দেখিনি।’
সাথে সাথেই তার স্বামী বলে ওঠেন, ‘তোমাকে চুবানি দিবো।’
এ সময় রাস্তায় জমা থাকা বৃষ্টির পানিতে মানুষের দুর্ভোগের চিত্রও তুলে ধরেন মাহি।


















