ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪:৫৩ পূর্বাহ্ন

ইউক্রেনের ২৩ হাজার যোদ্ধা নিহত, দাবি রাশিয়ার

প্রায় দুই মাস ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ২৩ হাজার ৩৬৭ জন সেনা নিহত হয়েছেন বলে দাবি রাশিয়ার। রুশ গণমাধ্যম স্পুতনিক নিউজের এক প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য।

প্রতিবেদনে দেখা যায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ চলমান যুদ্ধে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির একটি হিসাবও তুলে ধরেছেন।

ইগর কোনাশেঙ্কভ বলেন, যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী, ন্যাশনাল গার্ড ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা যে ক্ষতির সম্মুখীন হয়েছেন, তার নির্ভরযোগ্য ও প্রকৃত হিসাব রয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে। নিজের দেশের বাসিন্দাদের কাছে এসব তথ্য প্রকাশ করতে ভয় পান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর আগে শুক্রবার (১৫ এপ্রিল) জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছিলেন, ইউক্রেনে রুশ বাহিনী হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের প্রায় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজারের মতো সেনা নিহত হয়েছেন।

জেলেনস্কির দেয়া এই পরিসংখ্যানকে মিথ্যা আখ্যায়িত করে কোনাশেঙ্কোভ বলেন, রুশ বাহিনীর অভিযানে শুধু মারিউপোল শহরেই চার হাজারের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ