প্রবল আন্দোলনে বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন না বলে দেশটির পার্লামেন্টের একজন হুইপ জানিয়েছেন।
চরম অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির বিরোধী রাজনৈতিক দল ও জনসাধারণের মধ্য থেকে তার পদত্যাগের দাবি আসছিল। এদিকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছেন চিকিৎসকেরা। এর মধ্যেই প্রেসিডেন্টের তরফ থেকে এমন ঘোষণা এলো।
বিদ্যুৎ, খাদ্য, গ্যাসসহ জরুরি পণ্যের তীব্র সংকটের মধ্যে কয়েক সপ্তাহ ধরে দেশটিতে প্রবল জনবিক্ষোভ চলছে। জনরোষের কারণে প্রায় সব মন্ত্রী পদত্যাগ করেছেন এবং বেশ কিছু পার্লামেন্ট সদস্য সরকার পক্ষ ত্যাগ করেছেন।
প্রেসিডেন্ট গোতাবায়া বিরোধী এমপিদের জাতীয় ঐক্যের সরকারে যোগ দেয়ার আহবান জানালেও তারা সেটি প্রত্যাখ্যান করে বলেছেন, প্রেসিডেন্টসহ পুরো সরকারকেই পদত্যাগ করতে হবে।
তবে গতকাল বুধবার (৬ এপ্রিল) সরকার পক্ষের চিফ হুইপ জনস্টন ফার্নান্দো এমপিদের উদ্দেশে বলেছেন, দায়িত্বশীল সরকার হিসেবে আমরা বলতে চাই যে কোনো পরিস্থিতিতেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করবেন না।

তিনি বলেন, ‘আপনাদের কী স্মরণ করিয়ে দেব ৬৯ লাখ মানুষ প্রেসিডেন্টকে ভোট দিয়েছিলেন। সরকার হিসেবে আমরা পরিষ্কার করে বলছি, কোনো পরিস্থিতিতেই প্রেসিডেন্ট পদত্যাগ করবেন না। আমরা এর মোকাবিলা করব।’


















