দেশের জনপ্রিয় গীতিকার রাসেল ওনীল আর নেই। বৃহস্পতিবার দিনগত রাতে নাখালপাড়ার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তিনি কীভাবে মারা গেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান এই গীতিকারের মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গীতিকার রাসেল ওনীল মারা গেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
জনপ্রিয় এই গীতিকারের মৃত্যুর খবরে দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার প্রতি শোক জানাচ্ছেন।
উল্লেখ্য, এক সময় ‘রাসেল ও নীল’ নামে গান লিখতেন রাসেল ও তার বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পরে ‘রাসেল ওনীল’ নামেই পরিচিতি পেতে থাকেন রাসেল। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর অনেক গানের কথাই লিখেছেন তিনি। বাপ্পা মজুমদারসহ আরও গুণী শিল্পীরাও গান করেছেন তার কথায়। রাসেল ওনীলের লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দিন বাড়ি যায়’, ‘সূর্যস্নানে চল’, ‘মন ছুঁয়েছো মন দিয়েছি’ প্রভৃতি।



















