জাপানের খাদ্য, কৃষি, বনজ ও মৎস্য রফতানি আয় ২০২১ সালে প্রথমবারের মতো ১ লাখ কোটি ইয়েন (৮৭০ কোটি ডলার) ছাড়িয়েছে। জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে ১ লাখ ৬ হাজার কোটি ইয়েনের এসব পণ্য রফতানি করেছে দেশটি। সম্প্রতি প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো এ তথ্য জানিয়েছেন। খবর কিয়োদো নিউজ।
মাতসুনো বলেন, এ মাইলফলক অর্জন রফতানি বাড়ানোর জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা বিদেশী বাজারের চাহিদা অন্তর্ভুক্ত করে এবং আঞ্চলিক অর্থনীতিকে চাঙ্গা করে কৃষি, বনজ ও মৎস্য শিল্পের প্রবৃদ্ধি বাড়িয়ে তুলতে চাই।
জাপানের কৃষি, বন ও মৎস্য মন্ত্রণালয়ের মতে, চীনের গরুর মাংসের চালানে বড় উল্লম্ফন এ বৃদ্ধিতে অবদান রেখেছে। পাশাপাশি কভিড-১৯ মহামারী এসব খাতের অনলাইন বিক্রিকেও বাড়িয়ে তুলেছে। কাঠ ও মুক্তাসহ কৃষি, বনজ এবং মৎস্যজাত পণ্যের সর্বশেষ রফতানির তথ্য অনুসারে, জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে ৯৭ হাজার ৩৪০ কোটি ইয়েন মূল্যের এসব পণ্য রফতানি হয়েছিল। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নভেম্বরে ৮ হাজার ৯৯০ কোটি ইয়েনের খাদ্য রফতানি হয়েছে। অর্থাৎ জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে এ ধরনের পণ্য রফতানি ১ লাখ কোটি ইয়েন ছাড়িয়ে গেছে।


















