ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

ভারতে হুন্দাইয়ের বিশাল বিনিয়োগ

এবার ভারতে বিশাল বিনিয়োগ করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই। ২০২৮ সাল নাগাদ ভারতের বাজারে ছয়টি বৈদ্যুতিক গাড়ির মডেল উন্মোচন করতে চায় হুন্দাই। এ লক্ষ্যে দক্ষিণ কোরিয়ায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি ৫৩ কোটি ডলার বিনিয়োগ করবে। গতকাল হুন্দাই মোটর এ ঘোষণা দেয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সবচেয়ে দূষিত শহরের দেশটিতে কার্বন নিঃসরণমুক্ত গাড়ি আনার পরিকল্পনা করেছে হুন্দাই। প্রতিষ্ঠানটি ভারতের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা। হুন্দাই ভারতের বাজারে ২০২২ সালে স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ও সেডানসহ সাশ্রয়ী মূল্যের ও প্রিমিয়াম বৈদ্যুতিক মডেল নিয়ে আসার ঘোষণা দিয়েছে।

হুন্দাই মোটর ইন্ডিয়ার বিক্রয় ও বিপণন পরিচালক তরুণ গর্গ বলেন, আমরা ভারতের বাজারে বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে শীর্ষ অবদানকারী হতে চাই। এ ছয়টি গাড়ি উন্মোচন করার জন্য গবেষণা ও উন্নয়নে ৫৩ কোটি ডলার ব্যয় হবে বলেও জানান তিনি।

কার্বন নিঃসরণে বিশ্বজুড়ে সরকারগুলোর চাপের মুখে গাড়ি নির্মাতা সংস্থাগুলো বৈদ্যুতিক গাড়িতে বিনিয়োগ ত্বরান্বিত করছে। বর্তমানে বৈদ্যুতিক গাড়ি মোট গাড়ি বিক্রির প্রায় ২ শতাংশ। এটিকে ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে মোট গাড়ি বিক্রির এক-চতুর্থাংশে উন্নীত করা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ভারতের মোট গাড়ি বিক্রির ১ শতাংশেরও কম বৈদ্যুতিক। তবে ভারত সরকার এটিকে ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়েছে।

এদিকে মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলাও ভারতের বাজারে গাড়ি উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে। সংস্থাটি বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক কমানোর জন্যও সরকারের সঙ্গে আলোচনা করছে। এ অবস্থায় বৈদ্যুতিক গাড়ি আনার ঘোষণা দিল হুন্দাই। বৈদ্যুতিক গাড়ি উন্মোচনের ঘোষণা দেয়ার ক্ষেত্রে হুন্দাই প্রতিদ্বন্দ্বী গাড়ি নির্মাতা টাটা মোটরস ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সঙ্গে যোগ দিয়েছে। দেশটির শীর্ষ গাড়ি নির্মাতা মারুতি সুজুকি বিকল্প জ্বালানি ও হাইব্রিড প্রযুক্তি নিয়ে কাজ করছে। সংস্থাটি আশা করছে, ২০২৫ সালের মধ্যেই বাজারে বৈদ্যুতিক গাড়ি আনতে পারবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ