ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন

বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ বেড়েছে অ্যারাবিকা কফির দাম

আন্তর্জাতিক বাজারে ১০ বছরের সর্বোচ্চে পৌঁছেছে অ্যারাবিকা কফির দাম। ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) শুক্রবার পানীয় পণ্যটির দাম বাড়ে। সরবরাহ সংকুচিত হওয়ায় মূলত দাম বাড়ছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। তবে চিনির দাম অপরিবর্তিত রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

আইসিইতে মার্চে সরবরাহ চুক্তিতে অ্যারাবিকা কফির দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। প্রতি পাউন্ড লেনদেন হয়েছে ২ ডলার ৩৪ সেন্টে। এর আগের কার্যদিবসে পণ্যটির দাম উঠেছিল ২ ডলার ৩৮ সেন্ট পর্যন্ত।

জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে রোবাস্তা কফির দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি টন লেনদেন হয়েছে ২ হাজার ২৫৪ ডলারে। প্রতিকূল পরিস্থিতির কারণে শীর্ষ রোবাস্তা উৎপাদক ভিয়েতনামে কফি প্রক্রিয়াকরণ মন্থর হয়ে পড়েছে।

এদিকে কফির দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে চিনির দাম। আইসিইতে প্রতি পাউন্ড চিনি ২০ দশমিক ১৭ সেন্টে লেনদেন হয়েছে। বৃহস্পতিবার পণ্যটি ২০ দশমিক ৬৯ সেন্টে লেনদেন হয়েছিল। তবে অপরিবর্তিত থাকলেও চিনির দাম তুলনামূলক ঊর্ধ্বমুখীই রয়েছে বলে জানান বিশ্লেষকরা।

ফিচ সলিউশন জানায়, ব্রাজিলে আখের সরবরাহ কমেছে। অন্যদিকে চিনির পরিবর্তে ইথানল উৎপাদনে আখের ব্যবহার বেড়েছে। এ কারণে ভোগ্যপণ্যটির দাম বাড়ছে। সরবরাহ সংকটের উদ্বেগে চিনির বৈশ্বিক চাহিদাও ক্রমান্বয়ে বাড়ছে।

এদিকে চলতি মৌসুমে থাইল্যান্ডে আখ উৎপাদন এক-তৃতীয়াংশ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খরার কারণে গত বছর দেশটির উৎপাদন কমে এক দশকের সর্বনিম্নে নেমে গিয়েছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ