ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১:১২ পূর্বাহ্ন

করোনার ধাক্কার পর প্রথম বড় একটি ক্রয়াদেশ পেলো এয়ারবাস

করোনা মহামারির পর প্রথম বড় একটি ক্রয়াদেশ পেয়েছে এয়ারবাস। যুক্তরাষ্ট্রের বেসরকারি ইক্যুইটি ফার্ম ইন্ডিগো পার্টনার্সের কাছ থেকে ২৫৫টি নতুন জেটের ক্রয়াদেশ পেয়েছে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। বিল ফ্রাঙ্কের প্রতিষ্ঠিত ইন্ডিগো পার্টনার্সে শেয়ার রয়েছে হাঙ্গেরির উইজ এয়ার, মেক্সিকোর ভোলারিস এবং চীন-আর্জেন্টিনার জেটস্মার্টের। খবর সিএনবিসি।

এর আগে দুবাই এয়ার শোতে অংশ নিয়ে এয়ারবাসের প্রধান নির্বাহী কর্মকর্তা গুইলাম ফারি জানিয়েছিলেন, এ৩২১ উড়োজাহাজের জন্য যেসব ক্রয়াদেশ পাওয়া গেছে সেগুলো তাদের ব্যবসার জন্য ইতিবাচক সংকেত। এর মাধ্যমে দ্রুত আবারো তারা সামনের দিকে এগিয়ে যাবেন। তবে দুই সারি বিশিষ্ট যাত্রীবাহী উড়োজাহাজের দাম কত ধরা হয়েছে বা চুক্তির মোট মূল্য কত সে সম্পর্কে এখনো কিছু পরিষ্কার করে জানানো হয়নি।

এ কর্মকর্তা বলেন, এ ক্রয়াদেশের মাধ্যমে আমরা অনেক এগিয়ে যাব। দীর্ঘমেয়াদে দৃশ্যমান থাকা এয়ারবাসের জন্যও খুব গুরুত্বপূর্ণ। আমরা কভিড-১৯ মহামারীর ক্ষয়ক্ষতি কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সে অনুযায়ী পরিকল্পনা সাজাচ্ছি।

আকাশপথে পরিষেবা দেয় বা উড়োজাহাজ তৈরি করে এমন প্রতিষ্ঠানগুলোর জন্য কঠিন সময়ে দুবাই এয়ার শোয়ের আয়োজন করা হয়। কারণ মহামারীর কারণে নানা নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে ছিল প্রতিষ্ঠানগুলো। মুখোমুখি হতে হয়েছে বিস্তর লোকসানেরও। কভিড-১৯ মহামারীর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম ছিল উড়োজাহাজ নির্মাণ ও পরিষেবা সংস্থাগুলো। তবে এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ও টিকাদানের পরিমান বাড়তে থাকায় পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে।

এর ফলে সাধারণ মানুষের ভ্রমণের পরিমাণ বাড়ছে, উড়োজাহাজে যাত্রী পরিবহনের সংখ্যাও বাড়ছে। ফলে ব্যবসায় আবার গতি পাবে বা ঘুরে দাঁড়াবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানগুলোর। গত সেপ্টেম্বরে বোয়িংও জানিয়েছিল যে আগামী দুই দশকের জন্য উড়োজাহাজের চাহিদা বাড়বে বলে প্রতিষ্ঠানটি প্রত্যাশা করছে। বিশ্লেষকরাও ধারণা করছিলেন যে, দুবাই এয়ার শোয়ের পরে এয়ারবাস ও বোয়িংয়ের ক্রয়াদেশের সংখ্যা বাড়বে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ