অক্টোবরে গ্রাহকদের কাছে ২৭টি উড়োজাহাজ সরবরাহ করেছে বোয়িং। তবে মার্কিন উড়োজাহাজ নির্মাতার ৭৮৭ ড্রিমলাইনার সরবরাহ এখনো স্থগিত রয়েছে। ফলে আন্তর্জাতিক ভ্রমণ পুনরুদ্ধারের এ সময়ে ফ্লাইট বাড়াতে উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো প্রতিবন্ধকতার মুখে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিএনবিসির খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ৩৩টি দেশের পর্যটক প্রবেশে কভিডজনিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলোর নির্বাহীরা বলছেন, আন্তর্জাতিক ভ্রমণের জন্য ব্যাপকভাবে বুকিং বেড়েছে।
তবে আন্তর্জাতিক ভ্রমণে ব্যবহূত হওয়া বোয়িংয়ের ওয়াইড-বডির উড়োজাহাজগুলোর সরবরাহ বন্ধ রয়েছে। একাধিক উৎপাদন ত্রুটির কারণে এবং জেটগুলো পরিদর্শন করতে অতিরিক্ত সময় নেয়ায় গত বছরের বেশির ভাগ সময়জুড়েই উড়োজাহাজগুলোর সরবরাহ স্থগিত ছিল।
আমেরিকান এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারলাইনস ড্রিমলাইনারের প্রধান ক্রেতাদের মধ্যে অন্যতম। উভয় প্রতিষ্ঠানই আগামী বছর কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্য নিয়েছে। মহামারীজনিত নিষেধাজ্ঞায় বিদেশ ভ্রমণের দুর্বল চাহিদা পুনরুদ্ধার করতে চাইছে পুরো এয়ারলাইনস খাত।
গত মাসে সরবরাহ করা বোয়িংয়ের ২৭টি উড়োজাহাজের মধ্যে ১৮টি ছিল ৭৩৭ ম্যাক্স। এছাড়া একটি ৭৪৭ কার্গো, একটি ৭৬৭ কার্গো এবং দুটি ৭৭৭ পণ্য পরিবহন করা কার্গোজেট। কভিডজনিত বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক ভ্রমণ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীবাহী উড়োজাহাজের চাহিদা কমে যায়। যদিও বৈশ্বিক সরবরাহ চেইনের প্রতিবন্ধকতার মধ্যে পণ্য পরিবহনে কার্গো জেটের উচ্চ চাহিদা তৈরি হয়। অক্টোবরে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি আটটি ম্যাক্স ও দুটি ৭৭৭ কার্গো উড়োজাহাজের ক্রয়াদেশ পেয়েছে। পাশাপাশি এ সময়ে এয়ার লিজের জন্য দুটি ৭৮৭-১০এসসহ তিনটি উড়োজাহাজের ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। ফলে গত মাসে সংস্থাটির নিট উড়োজাহাজের ক্রয়াদেশ দাঁড়িয়েছে সাতটিতে।



















