ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন

এসএমই পণ্য মেলায় ব্যাংকিং সেবা ও তথ্য দিচ্ছে এনআরবিসি ব্যাংক

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং সেবা ও অর্থায়ন সুবিধার তথ্য দিচ্ছে এনআরবিসি ব্যাংক পিএলসি। ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়াতে ব্যাংকটি মেলায় তাদের এসএমই ঋণ সুবিধা ও ব্যাংকিং সেবা তুলে ধরছে।

ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মেলায় এনআরবিসি ব্যাংকের স্টল উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি অ্যান্ড সিইও) ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রি বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের (সিআরএমডি-এসএমই, মাইক্রো, এগ্রি-ইসলামিক) প্রধান মো. শফিকুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্প মন্ত্রণালয়ের অধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত সাত দিনব্যাপী এ মেলা চলবে ২২ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা মেলায় তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও ব্যবসার সুযোগ খুঁজছেন। মেলায় এনআরবিসি ব্যাংক তাদের এসএমই ঋণ পণ্য, অর্থায়ন সুবিধা ও অন্যান্য ব্যাংকিং সেবা সম্পর্কে তথ্য দিচ্ছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান বলেন, “কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে কৃষি, কৃষিভিত্তিক শিল্প এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ও উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আমরা প্রকৃত উদ্যোক্তাদের কাছে নিয়মিত ঋণ ও পুনঃঅর্থায়ন সুবিধা পৌঁছে দিতে কাজ করছি। আমাদের লক্ষ্য তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করা।”

উল্লেখ্য, এনআরবিসি ব্যাংক সারা দেশে ১০৯টি শাখা ও ৪০০টি উপশাখার মাধ্যমে ব্যাংকিং সেবা দিচ্ছে। উদ্যোক্তাদের, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থায়নের সুযোগ বাড়াতে ব্যাংকটি কাজ করছে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা ও স্থানীয় শিল্পের প্রসারে ব্যাংকটি এনআরবিসি সুফলা, এনআরবিসি গতি, এনআরবিসি কৃষকের হাসি, এনআরবিসি নারী, এনআরবিসি দেশগড়ি ও এনআরবিসি প্রবাসবন্ধুসহ বিভিন্ন ঋণ পণ্য চালু করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন