ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৬:১৬ অপরাহ্ন

নিম্নতম মজুরি: মালিকপক্ষ ১৫,৭০০, শ্রমিকপক্ষ ২২,০০০

তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে এখনো একমত হতে পারেনি মালিক ও শ্রমিকপক্ষ। মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৭০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে শ্রমিকপক্ষ ২২ হাজার টাকার দাবিতে অনড় রয়েছে। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ নিয়ে আলোচনা হয়। সভার ফাঁকে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; আলোচনা চলছে। প্রয়োজনে রাত ৯টা পর্যন্ত আলোচনা চলবে। আজকের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছেন তিনি।

মালিকপক্ষের তৃতীয় লিখিত প্রস্তাবে গ্রেড-১-এ ১৮ হাজার ৮২৮ টাকা, গ্রেড-২-এ ১৭ হাজার ৮৮৭ টাকা, গ্রেড-৩-এ ১৬ হাজার ৯৯৬ টাকা এবং গ্রেড-৪-এ ১৫ হাজার ৭০০ টাকা ন্যূনতম মজুরির কথা বলা হয়েছে। শ্রমিকপক্ষের প্রস্তাবে গ্রেড-১-এ ৩৫ হাজার, গ্রেড-২-এ ৩০ হাজার, গ্রেড-৩-এ ২৭ হাজার এবং গ্রেড-৪-এ ২২ হাজার টাকা চাওয়া হয়েছে।

এর আগে গতকাল সোমবার বোর্ডের তৃতীয় সভায় দীর্ঘ আলোচনার পরও কোনো সমঝোতা হয়নি। সেদিন মালিকপক্ষ সর্বনিম্ন মজুরি ১৫ হাজার ৮০০ টাকা প্রস্তাব করেছিল। শ্রমিকপক্ষ তাদের আগের ৩২ হাজার টাকার দাবি কমিয়ে ২২ হাজার টাকা করে।

বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালে নির্ধারিত কাঠামো অনুযায়ী গ্রেড-১-এ ১৫ হাজার ৩৫ টাকা, গ্রেড-২-এ ১৪ হাজার ২৭৩ টাকা এবং গ্রেড-৩-এ ১৩ হাজার ৫৫০ টাকা মজুরি রয়েছে।

শ্রমিকদের মজুরি বাড়ানোর আন্দোলনের পর গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, মজুরি নির্ধারণে বৈশ্বিক পরিস্থিতি ও মালিকপক্ষের সক্ষমতাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

এদিকে আজ সভা চলাকালে বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন পোশাক খাতের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তাঁরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন