ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে চায় রোলস রয়েস

যুক্তরাজ্যে বিদ্যুৎ উৎপাদনের জন্য তুলনামূলক কম খরচের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরি করতে চায় রোলস রয়েস গ্রুপ। স্মল মডিউলার রিঅ্যাক্টর (এসএমআর) নির্মাণের ব্যবসা প্রসার ঘটাতে চায় ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। অনুমতি পেলে প্রতিষ্ঠানটি ২০৫০ সাল নাগাদ ৪০ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে। খবর বিবিসি।

স্মল মডিউলার রিঅ্যাক্টরগুলো মূলত পারমাণবিক বিভাজন রিঅ্যাক্টর। তবে এগুলো প্রচলিত রিঅ্যাক্টরগুলোর তুলনায় আকারে ছোট। যদিও সমালোচকরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎ নয়, এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে নজর দেয়া উচিত। অবশ্য এখন যুক্তরাজ্যের ১৬ শতাংশ বিদ্যুৎ আসে পারমাণবিক খাত থেকে।

এ খাতে বিনিয়োগ করছে রোলস রয়েস গ্রুপ, বিএনএফ রিসোর্সেস ও এক্সেলন জেনারেশন। এছাড়া সরকার রোলস রয়েসের এসএমআরের নকশার উন্নয়নে কাজ করবে। পাশাপাশি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে এটি মূল্যায়নের জন্য গ্রহণ করবে। সেখানে দেখা হবে এটি যুক্তরাজ্যে স্থাপনের জন্য উপযুক্ত কিনা।

পাশাপাশি এসব রিঅ্যাক্টর তৈরির জন্য কোথায় কারখানা স্থাপন করা যায় তাও খুঁজে দেখা হবে। এ উদ্যোগের সবচেয়ে বড় বিনিয়োগ হবে যুক্তরাজ্যের উত্তরাংশে। যেখানে দেশের মূল পারমাণবিক সক্ষমতা রয়েছে।

রোলস রয়েস এসএমআর জানিয়েছে, একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র তৈরি করতে যে পরিমাণ জায়গা লাগবে তা প্রচলিত বিদ্যুৎকেন্দ্রের ১০ ভাগের এক ভাগ, যা আনুমানিক ১০ লাখ বাড়িকে আলোকিত করতে পারবে। একটি কেন্দ্র থেকে ৪৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। যেখানে এ পরিমাণ বায়ুবিদ্যুৎ উৎপাদন করতে ১৫০টিরও বেশি টারবাইন প্রয়োজন।

রোলস রয়েসের প্রধান নির্বাহী ওয়ারেন ইস্ট বলেন, আমাদের এসএমআর টেকনোলজি একটি নতুন পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন করবে, যা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।

যুক্তরাজ্যের ব্যবসা ও জ্বালানিবিষয়ক মন্ত্রী কেওয়াসি কোয়ারটেং বলেন, এসএমআর প্রস্তাব অনুযায়ী, কম খরচে আরো দ্রুত নিরাপদ বিদ্যুৎ উৎপাদন করা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ