করোনা মহামারির ধকল কাটিয়ে উঠতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ায় কানাডীয় সরকার। দেয়া হয় বিপুল পরিমাণ প্রণোদনা। এক্ষেত্রে অটোয়াকে দ্বারস্থ হতে হয় ঋণ গ্রহণে। এর ফলে দেশটির ঋণের পরিমাণ বেড়ে তা বহু উচ্চতায় পৌঁছেছে। বিপুল পরিমাণ ঋণের এ বোঝা কমাতে ধনী কানাডীয়দের ওপর কর বাড়ানোর পরিকল্পনা করছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার।
রয়টর্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এ পদক্ষেপ প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার কিছু প্রতিশ্রুত তহবিল সংগ্রহে সহায়তা করবে। যদিও তা দেশের রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ভাষ্য, বিপুল পরিমাণ এ ঋণের বোঝা কানাডাকে পরবর্তী আর্থিক সংকটের ঝুঁকিতে ফেলবে।
করোনা মহামারীর বিপর্যয় মোকাবিলায় রেকর্ড পরিমাণ ঋণ গ্রহণ করেছে কানাডা। এ সময়ে শিল্পোন্নত জি৭ভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে বেড়েছে দেশটির এ ঋণের পরিমাণ। বিশ্লেষকরা সতর্ক করেছেন, উচ্চ স্তরের ঋণগ্রস্ততা কানাডার দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জগুলো পরিচালনা করার সক্ষমতা সীমিত করতে পারে। ফলে সরকারি অর্থায়নের অভাবে জীবাশ্ম জ্বালানি-নির্ভর অর্থনীতি থেকে পরিবেশবান্ধব রূপান্তরে পিছিয়ে পড়তে পারে দেশটি।
গত মাসে পুনর্নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর লিবারেল পার্টি আগামী পাঁচ বছরে ৭ হাজার ৮০০ কোটি কানাডীয় ডলার (৬ হাজার ৩১০ কোটি ডলার) নতুন ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এ ব্যয়ের পরিমাণ দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৪ শতাংশের সমান। একই সময়ে নতুন করারোপের মাধ্যমে ২ হাজার ৫৫০ কোটি কানাডীয় ডলার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। কর ফাঁকি, ধনী ব্যক্তি, বড় ব্যাংক ও বীমাকারীদের ওপর এ করারোপ করা হবে।
কিছু অর্থনীতিবিদ সতর্ক করেছেন, সময়ের সঙ্গে সঙ্গে এ ঋণের বোঝা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। কারণ এতে ঋণ বহনের ব্যয় বেড়ে যাবে এবং ভবিষ্যতের সরকারকে এ বোঝা মোকাবেলার জন্য পরিষেবাগুলো কমিয়ে আনতে হবে কিংবা কর আরো বাড়িয়ে তুলতে হবে। কুইন্স বিশ্ববিদ্যালয়ের স্টাফার-ডানিং ফেলো ডন ড্রামন্ড বলেন, মহামারীর ব্যয় সম্পর্কিত কিছুই বর্তমান প্রজন্মের মাধ্যমে পরিশোধ করা হবে না। এটি খুবই সাহসী ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত।

জিডিপির বিপরীতে কানাডার মোট ঋণ ৩৬ শতাংশ থেকে বেড়ে গত বছর ১১৮ শতাংশে পৌঁছেছে। ব্যক্তি ও ব্যবসাগুলোকে দেয়া ব্যাপক সরকারি সহায়তা এ ঋণ বৃদ্ধির মূল চালক ছিল।


















