ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯:১৪ অপরাহ্ন

পাম অয়েল আমদানি বাড়িয়েছে রাশিয়া

নভেল করোনাভাইরাস মহামারীর সংকট কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে রাশিয়ার অর্থনীতি। পরিস্থিতি আগের তুলনায় স্বাভাবিক হতে শুরু করায় দেশটিতে বাড়ছে ভোজ্যতেলের চাহিদা। ফলে পাম অয়েল আমদানি বাড়িয়েছে ইউরোপের বৃহত্তম এ দেশ। রাশিয়ার ফেডারেল কাস্টসম সার্ভিস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-মে পর্যন্ত রাশিয়া সব মিলিয়ে ৪ লাখ ২৩ হাজার ১০০ টন পাম অয়েল আমদানি করে। গত বছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানির হার ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। আমদানীকৃত এসব পাম অয়েলের বাণিজ্যিক মূল্য দাঁড়িয়েছে ৪৩ কোটি ৭২ লাখ ডলার। মূল্যের ভিত্তিতে আমদানি গত বছরের প্রথম পাঁচ মাসের তুলনায় ৩৮ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

ফেডারেল কাস্টসম সার্ভিসের বরাত দিয়ে কৃষিপণ্য পরামর্শবিষয়ক প্রতিষ্ঠান এপিকে ইনফর্ম জানায়, এ বছরের প্রথম পাঁচ মাসে পাম অয়েল আমদানি বাড়লেও কমেছে রাশিয়ার সয়াবিন আমদানি। এ সময় দেশটি ৭ লাখ ৫৬ হাজার ৬০০ টন সয়াবিন আমদানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ কম। সব মিলিয়ে ৪৬ কোটি ২৫ লাখ ডলারের সয়াবিন আমদানি করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ