ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ৬:১৫ অপরাহ্ন

হতাশা নিয়ে লাঞ্চে বাংলাদেশ

পঞ্চম দিনের সকাল। নিয়ম মেনেই উইকেটে টার্ন মিলছে ভালোই, বাউন্স অসমান। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা ভোগান্তিতেও পড়েন কয়েকবার। তবে ভয়ঙ্কর হয়ে ওঠার মতো যথেষ্ট ধারাবাহিক ভালো বোলিং করতে পারেননি বাংলাদেশের স্পিনাররা।

তার মাঝেও আক্ষেপ আছে দুটি রিভিউ না নেওয়ার। একটি ক্যাচ ফসকে যাওয়া। কয়েকবার অল্পের জন্য ব্যাটের কানা না ছোঁয়া। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, উইকেটের পতন নেই একটিও! এখনও টিকে কাইল মেয়ার্স ও এনক্রুমা বনার। লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের সঙ্গী কেবলই হতাশা।

চট্টগ্রাম টেস্টের শেষ দিন দুপুর ভোজের বিরতির আগে কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের রান ৩ উইকেটে ১৯৭। বাংলাদেশ যদিও এখনও এগিয়ে ২০১ রানে। তবে সময়ের সাথে সাথে হতাশা বাড়িয়েই চেলেছেন দুই ক্যারিবিয়ান।

দুই অভিষিক্ত বনার ও মেয়ার্সের জুটির রান ১৩৯ । সেঞ্চুরি থেকে একটু দূরে থাকা বাঁহাতি মেয়ার্স খেলছেন ৯১ রানে, ফিফটির খুব কাছে থাকা বনার অপরাজিত ৪৩ রানে।

জুটি ভাঙার তিনটি পরিস্কার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। মেয়ার্সের ৪৭ রানের তাইজুল ইসলামের বলে জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। বাংলাদেশ নেয়নি রিভিউ। টিভি রিপ্লেতে দেখা যায়, বল লাগছিল স্টাম্পে।

মেয়ার্সই একটু পর জীবন পান ৪৯ রানে। মেহেদি হাসান মিরাজের বলে স্লিপে ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। যদিও সুযোগটি ছিল কঠিন। জীবন পাওয়ার বলেই মেয়ার্স পূরণ করেন ফিফটি।

আউট হতে পারতেন বনারও। নাঈম হাসানের একটি তীক্ষ্ণ টার্ন করা বলা লাগে বনারের প্যাডে। এবারও রিভিউ নেয়নি বাংলাদেশ। বনার বেঁচে যান ২৫ রানে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ