রাজধানীর হাজারীবাগের ধানমণ্ডি বসিলার একটি বাসা থেকে জাতীয় দলের স্বর্ণজয়ী এক খেলোয়াড়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মো. কামরুল ইসলাম। তিনি বাংলাদেশ আনসার তায়কোয়ান্দো জাতীয় দলের স্বর্ণজয়ী খেলোয়াড়।
শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
নিহতের বান্ধবী প্রতিভাও তায়কোয়ান্দো খেলোয়াড়। তার দাবি, কামরুল তার বাসায় এসে আত্মহত্যা করেছেন।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছুই জানাতে পারেননি প্রতিভা।
তিনি বলেন, কামরুল আমার ভালো বন্ধু। সে আমার বাসায় প্রায়ই আসতো। গতকাল রাতে আমার বাসায় এসে পাশের রুমে ঘুমিয়েছিল। অনেক রাতে হঠাৎ শব্দ হওয়াতে আমি ওই রুমে গিয়ে দেখি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে ফাঁস দিয়েছে।

তিনি বলেন, অচেতন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতের সহকর্মী পলাশ জানান, বাড়ি যাওয়ার কথা বলে দুদিন আগে কামরুল ফেডারেশন থেকে ছুটি নিয়েছিল। আজ খবর পাই, সে আত্মহত্যা করেছে।
মূলত কামরুল চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার সিকোন বাজারের মৃত আবদুল করিমের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।


















