ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ৬:২৮ পূর্বাহ্ন

প্রত্যাবর্তন টেস্টে সাকিবের হাফ সেঞ্চুরি

নিষেধাজ্ঞা কাটিয়ে রাজার বেশেই ফিরলেন ওয়ানডে সিরিজে। টেস্ট সিরিজেও সেখান থেকেই শুরু করলেন সাকিব আল হাসান। ফিফটি দিয়ে শেষ হয়েছিল রঙিন পোশাকের সিরিজটি, সাদা পোশাকেও সিরিজের প্রথম ম্যাচেই উপহার দিলেন আরও এক ফিফটি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম দিন শেষে ৩৯ রানে অপরাজিত ছিলেন সাকিব। বৃহস্পতিবার দ্বিতীয় দিন সকালে এই অলরাউন্ডার অনায়াসেই পৌঁছে যান ফিফটিতে। ১১০ বলে স্পর্শ করেন তিনি ৫০ রান।

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ব্যাট হাতে ছন্দে ফিরতেই একটু সময় লাগছিল সাকিবের। টানা দুই ফিফটির পর বলা যায়, নিজের সেরায় ফেরার পথেই আছেন তিনি। টেস্টে এটি সাকিবের ২৫তম ফিফটি। তার সবশেষ টেস্ট ফিফটিও ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই, ২০১৮ সালের নভেম্বরে মিরপুরে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮টি ফিফটি হয়ে গেল তার, তবে সেঞ্চুরি নেই এখনও।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ