ভ্যাপসা গরম আর তীব্র যানজটে আটকা পড়ে বাসের বক্সে থাকা ১৮টি ছাগল মারা গেছে। মৃত ছাগলগুলো সড়কের পাশেই ফেলে রেখে গেছেন বেপারী।
শুক্রবার (০৮ জুলাই) সকালে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বগাবাড়ী বাজার এমেরিকান প্লাজার সামনে ফেলে রাখা অবস্থায় দেখা যায়। এর আগে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই সড়কের পাশে মৃত ছাগলগুলো ফেলে রেখে যায় বেপারী।
প্রত্যক্ষদর্শী ইউসুফ আলী জানান, গতকাল রাত ১১টার দিকে ঢাকার দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। কিন্তু তীব্র যানজটের কারণে বাসটি আমেরিকান প্লাজার সামনে থেমে যায়। পরে বাসের ভেতর থেকে কয়েকজন নেমে বক্স খুলে একে একে ১৮টি মৃত ছাগল বের করে রাস্তার পাশেই ফেলে রাখে। এসময় ছাগলের বেপারী কাঁদতে থাকেন।
জানা গেছে, ২০টি ছাগল কোরবানির হাটে বিক্রি করার জন্য পাবনা থেকে ঢাকা নিয়ে যাচ্ছিলেন ওই বেপারী। যার মধ্যে ১৮টি মারা গেছে। তবে ১৭টি ফেলে রেখে গেছে সড়কের পাশেই।
তিনি জানান, প্রত্যেকটি দাম আনুমানিক ১৫/১৬ হাজার টাকার মতো হবে।



















