যুক্তরাজ্যের একটি আদালতের আদেশের পর উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করার প্রক্রিয়া আরও একধাপ এগোলো।
স্থানীয় সময় বুধবার আদালত যখন রায় ঘোষণা করছিল তখন বাইরে জড়ো হয়েছিলেন অ্যাসাঞ্জের অনেক সমর্থক। এ সময় লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত আনুষ্ঠানিকভাবে একটি আদেশ জারি করে যে, এ অস্ট্রেলীয়কে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হবে।
১০ বছর আগে যুক্তরাষ্ট্রের কিছু গোপনীয় তথ্য প্রকাশ করে সাড়া ফেলে দিয়েছিলেন অ্যাসেঞ্জ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আদালতের আদেশটি এখন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেলের কাছে যাবে, যিনি প্রত্যর্পণ অনুমোদন করবেন কিনা তা সিদ্ধান্ত নেবেন।
যদিও এ পদক্ষেপ অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হওয়ার কাছাকাছি নিয়ে এসেছে, তার আইনি বিকল্পগুলো এখনও শেষ হয়নি। প্যাটেলের কাছে জমা দেয়ার জন্য তার আইনজীবীদের চার সপ্তাহ সময় আছে।

যদি তিনি প্রত্যর্পণ অনুমোদন করেন, তাহলে অ্যাসাঞ্জ বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার চেষ্টা করতে পারেন, যেখানে একজন বিচারক একটি পাবলিক বডির সিদ্ধান্তের বৈধতা পরীক্ষা করবেন।
গত মাসে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট অ্যাসাঞ্জকে প্রত্যর্পণ করা যেতে পারে- এমন নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি প্রত্যাখ্যান করার পর এ আদেশ আসে।


















