ইউক্রেনের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যেই একদিন আগে কৃষ্ণসাগরে রাশিয়ার যে যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশ হয়েছিল সেছিল সেটি ডুবে গেছে। গত বুধবার রুশ ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং গতকাল বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সেটি ডুবে যায় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মস্কভা নামের রুশ ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণের কথা মস্কো স্বীকার করলেও সেটির কারণ এখনও জানায়নি দেশটি। তবে ইউক্রেন জানিয়েছিল, তাদের সামরিক বাহিনী মিসাইলের মাধ্যমে রাশিয়ার ওই যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ব্ল্যাক সি ফ্লিটের ফ্ল্যাগশিপ মস্কভাকে বন্দরে নিয়ে যাওয়ার সময় ‘উত্তাল সমুদ্রে’ এটি ডুবে যায়। ৫১০ জন ক্রু মাধ্যমে পরিচালিত এই ক্ষেপণাস্ত্র ক্রুজারটি ছিল রাশিয়ার সামরিক শক্তির প্রতীক। মূলত ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার নৌ আক্রমণের নেতৃত্বে ছিল মস্কভা নামের এই যুদ্ধজাহাজটি।
বিবিসি বলছে, ইউক্রেন দাবি করেছে যে, তাদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র রাশিয়ার ওই যুদ্ধজাহাজে আঘাত করেছে। তবে মস্কো কোনো হামলার খবর সামনে আনেনি। রাশিয়ার দাবি, আগুন লাগার পর জাহাজটি সমুদ্রে ডুবে যায়।

পাল্টাপাল্টি এই দাবির মধ্যেই রাশিয়া জানিয়েছিল, অগ্নিকাণ্ডের কারণে যুদ্ধজাহাজের গোলাবারুদের বিস্ফোরণ ঘটেছে। পরে জাহাজের সকল ক্রুকে কৃষ্ণসাগরের নিকটবর্তী রাশিয়ার পৃথক একটি জাহাজে সরিয়ে নেওয়া হয়ে। মস্কো এর বেশি আর কোনো তথ্য সামনে আনেনি।


















