যশোরের বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ব্লিচিং পাউডারভর্তি ছয়টি ভারতীয় ট্রাক পুড়ে গেছে।
আজ শুক্রবার (১৫ এপ্রিল) ভোরে বেনাপোল বন্দরের টিটিবির মাঠে এ ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।
বন্দরের প্রত্যক্ষদর্শী নিরাপত্তারক্ষীরা জানান, সেহরির শেষ মুহূর্তে হঠাৎ তারা দেখতে পান- টার্মিনালে থাকা ভারতীয় ট্রাকে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই পাশাপাশি থাকা ব্লিচিং ভর্তি ছয়টি ভারতীয় ট্রাক পুড়ে যায়।
বেনাপোল বন্দরের কর্মকর্তা মামুন তরফদার জানান, পণ্য চালানটি গত বুধবার (১৩ এপ্রিল) ভারত থেকে ছয়টি ট্রাকে আমদানি হয়। ব্লিচিং ভর্তি ট্রাক ত্রিপল দিয়ে ঢেকে রাখার কারণে অত্যধিক গরমে আগুন লাগতে পারে। আগুন নিয়ন্ত্রণে এলেও কত টাকার মালামাল পুড়ে গেছে তা জানা যায়নি।



















