ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৭:৫৪ অপরাহ্ন

তহবিল আত্মসাত: মার্কেন্টাইল ব্যাংকের সাহিদ রেজার বিরুদ্ধে বিএসইসির তদন্ত শুরু

বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল আত্মসাৎ এবং অবৈধভাবে নিজ ব্যাংকের শেয়ার কেনাসহ নানা অভিযোগ উঠেছে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক আ. ক. ম. সাহিদ রেজার বিরুদ্ধে। এই উদ্যোক্তা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল আত্মসাৎ এবং অবৈধভাবে নিজ ব্যাংকের শেয়ার কেনাসহ নানা অনিয়মের সাথে জড়িত বলে জানা গেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক পরিচালকের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে এই সংক্রান্ত একটি চিঠি বিএসইসি থেকে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বিএসইসি উল্লেখ করেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারার ২১(২এ) অনুযায়ী মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক আ. ক. ম. সাহিদ রেজার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে আদেশ জারি করেছে বিএসইসি। ওই আদেশের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, আ ক ম সাহিদ রেজারর বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির তদন্তের প্রয়োজনে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণে তথ্য প্রয়োজন। এই পরিস্থিতিতে তদন্ত কমিটিকে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য আপনাদের বিনীত অনুরোধ করা হলো।

এদিকে, তদন্ত কমিটি গঠনের বিষয়ে বিএসইসি’র জারি করা আদেশে উল্লেখ করা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ২১ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫নং আইন) এর ধারা ১৭ক অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিতে বিএসইসির কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হলো। তদন্ত কমিটি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা ও সাবেক পরিচালক আ ক ম সাহিদ রেজার বিরুদ্ধে অবৈধভাবে নিজ ব্যাংকের শেয়ার কেনা এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণের মাধ্যমে তহবিল আত্মসাতের অভিযোগ তদন্ত করে দেখবে। তদন্ত কর্মকর্তারা এই আদেশ জারির ৩০ কার্যদিবসের মধ্যে বিএসইসি’র কাছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেবেন।

বিএসইসি’র গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন- যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলাম, উপ-পরিচালক মো. মুস্তাফিজুর রহমান উপ-পরিচালক মাওদুদ মোমেন।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসইসি’র একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘যেহেতু বিষয়টি তদন্তাধীন সেহেতু এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। তবে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সিকিউরিটিজ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ