চলতি দশকের শেষ নাগাদ নিজেদের অভ্যন্তরীণ কার্যক্রম ও সরবরাহ চেইনে কার্বন নিরপেক্ষ হয়ে ওঠার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে আলিবাবা। সম্প্রতি সরবরাহ চেইন ও পরিবহন ব্যবস্থায় কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
আলিবাবা জানায়, ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি কার্বন নিরপেক্ষ লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিজ্ঞাবদ্ধ। ই-কমার্স জায়ান্টটির ‘স্কোপ ১’ সরাসরি কার্বন নিঃসরণের মাত্রা এবং ‘স্কোপ ২’ পরোক্ষ নিঃসরণের (বিদ্যুৎ ও তাপ ব্যবহারের মাধ্যমে নিঃসরণ হয়ে থাকে এমন কার্বন) মাত্রা কমিয়ে আনবে। একই সঙ্গে কোম্পানিটি নিজেদের কার্বন ঘনত্বও কমিয়ে আনার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে।
প্রতি ইউনিট আয়ের বিপরীতে কার্বন নিঃসরণের এ মাত্রাকে ‘স্কোপ ৩’ নামে অবহিত করা হয়। বিশ্বব্যাপী বিস্তৃত সরবরাহ চেইন, পরিবহন, পণ্য ক্রয় এবং পরিষেবা ও বর্জ্য থেকে নির্গত ‘স্কোপ ৩’-এর পরিমাণ ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনার কথা জানায় আলিবাবা। একই সঙ্গে ২০৩৫ সালের মধ্যে নিজেদের ব্যবসায়িক কার্যক্রমে সামগ্রিক কার্বন ডাই-অক্সাইডের মাত্রাও ১ দশমিক ৫ গিগাটন পরিমাণ কমিয়ে আনবে বলে জানায় আলিবাবা।
কার্বন নিরপেক্ষ লক্ষ্যমাত্রা অর্জনে নতুন জ্বালানি সঞ্চয়কারী পদ্ধতি, উচ্চক্ষমতাসম্পন্ন প্রযুক্তি সংযুক্ত করার কথা জানায় প্রতিষ্ঠানটি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ও কার্বন রিমুভাল পদক্ষেপও গ্রহণ করবে আলিবাবা। কার্বন রিমুভাল পদক্ষেপের ফলে বায়ুমণ্ডলের স্তর থেকে জলবায়ুর জন্য হুমকিস্বরূপ গ্রিনহাউজ গ্যাস শোষণ করে নেয়া হবে।
আলিবাবার প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং জানান, কোম্পানি বর্তমানে বিভিন্ন কর্মপদ্ধতি গ্রহণ এবং মার্চেন্ট, অংশীদার ও ভোক্তাদের আচরণগত পরিবর্তনের মাধ্যমে চীনসহ বিশ্বের অন্যান্য স্থানে কার্বন নিরপেক্ষ পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করছে।



















