সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অর্থনীতিতে বৈচিত্র্য নিয়ে আসার উদ্যোগ নিয়েছে। জীবাশ্ম জ্বালানিনির্ভরতা থেকে বেরিয়ে আসতে চাইছে মধ্যপ্রাচ্যের দেশটি। এরই অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক হাইড্রোজেন জ্বালানি বাজারের ২৫ শতাংশ দখল নেয়ার লক্ষ্য ইউএইর। খবর আরব নিউজের।
প্রধান জ্বালানি তেল উত্তোলনকারী দেশটি জানিয়েছে, বিশ্বের প্রধান রফতানি বাজারকে লক্ষ্য করে ইউএই সাতটিরও বেশি উচ্চাভিলাষী হাইড্রোজেন প্রকল্প বাস্তবায়ন করছে। এরমধ্যে রয়েছে ইউরোপ ও পূর্ব এশিয়ার অন্যান্য বাজারের পাশাপাশি জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও ভারত।
ইউএই বড় আকারের হাইড্রোজেন ও অ্যামোনিয়া উৎপাদন কারখানা তৈরি করে পরিবেশবান্ধব হাইড্রোজেন উৎপাদনে বিশ্বকে নেতৃত্ব দেয়ার আশা করছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, বড় আকারের কার্বন ক্যাপচার এবং সংরক্ষণ ব্যবস্থার ক্ষেত্রেও বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতামূলক দাম প্রস্তাবের পরিকল্পনা করেছে।
আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) প্রতি বছর তিন লাখ টনেরও বেশি হাইড্রোজেন উৎপাদন করছে। এছাড়া সংস্থাটি এ উৎপাদনক্ষমতা পাঁচ লাখ টনে উন্নীত করার পরিকল্পনা করেছে।
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে হাইড্রোজেন জ্বালানিতে নেতৃত্ব অর্জনের রোডম্যাপ তুলে ধরেছে সংযুক্ত আরব আমিরাত। এর মাধ্যমে একদিনে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য দেশটির। পাশাপাশি হাইড্রোজেন রফতানি করে জ্বালানি তেলের ক্ষতি পূরণ করতে চায় ইউএই



















