ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

বিজ্ঞাপন থেকে প্রত্যাশার চেয়ে বেশি আয় নিউইয়র্ক টাইমসের

এ বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রত্যাশার চেয়েও বেশি আয়ের কথা জানিয়েছে নিউইয়র্ক টাইমস। করোনাজনিত বিপর্যয় কাটিয়ে বৈশ্বিক কোম্পানিগুলোর বিপণন ব্যয় বৃদ্ধি সংস্থাটির ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসাকে শক্তিশালী করেছে। খবর রয়টার্স।

কোম্পানিটি জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে বিজ্ঞাপনের আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪০ দশমিক ২ শতাংশ বেড়েছে। মহামারীর মধ্যে বহুজাতিক প্রতিষ্ঠানগুলো নগদ অর্থ সঞ্চয় করতে যখন বিজ্ঞাপন বাজেট কমিয়ে দেয়, তখনো আয় বৃদ্ধির পথে ছিল নিউইয়র্ক টাইমস।

১৭০ বছর বয়সী প্রতিষ্ঠানটি এক দশকেরও বেশি আগে ডিজিটাল রূপান্তর শুরু করেছিল। এক্ষেত্রে সাবস্ক্রাইব-ফার্স্ট ব্যবসায়িক মডেলের ওপর মনোযোগ দিয়েছিল সংস্থাটি। এ নীতি সংস্থাটিকে বিজ্ঞাপন ও মুদ্রণ পাঠকদের সংখ্যায় তীব্র পতনের আবহাওয়াতেও সহায়তা করেছিল। এ প্রক্রিয়ায় দ্য ডেইলি ও রান্নার রেসিপিসহ সংবাদ, ক্রসওয়ার্ডস, পডকাস্টের মতো ডিজিটাল পণ্য আলাদাভাবে বিস্তৃত করায় সংস্থাটির ব্যবসা আরো শক্তিশালী হয়েছে। এসব পণ্যে গ্রাহক আকৃষ্টে সহায়তা করেছে ছবি, ভিডিও, গ্রাফিকস ব্যবহার করে মাল্টিমিডিয়া ও ইন্টারেকটিভ উপাদানগুলো।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে ৪ লাখ ৫৫ হাজার নতুন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে। এ সংখ্যা আগের প্রান্তিকগুলোর চেয়ে অনেক বেশি। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মেরেডিথ কপিট লেভিয়ান বলেন, ২০ মাস ধরে কভিড-১৯ মহামারীসংক্রান্ত কনটেন্ট প্রভাবশালী হিসেবে রয়ে গেছে। পাশাপাশি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার, হাইতির দুঃখজনক ঘটনা, নিউইয়র্ক গভর্নরের পদত্যাগ ও চলমান জলবায়ুবিষয়ক প্রতিবেদনসহ বিভিন্ন বিষয় জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে।

এ সময়ে নিউইয়র্ক টাইমস ৫০ কোটি ৯১ লাখ ডলার আয় করেছে। সংস্থাটির শেয়ারপ্রতি সামঞ্জস্য মুনাফার পরিমাণ ২৩ সেন্ট। রিফিনিটিভের তথ্য অনুযায়ী, বিশ্লেষকরা তৃতীয় প্রান্তিকে মিডিয়া সংস্থাটির ৪৯ কোটি ৯১ লাখ ডলার আয় এবং শেয়ারপ্রতি ২০ সেন্ট মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ