ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

ইলোন মাস্কের ২ শতাংশ সম্পদেই মিটবে বিশ্বের ক্ষুধা সমস্যা!

বিশ্বের শীর্ষ ধনীরা তাদের মোট সম্পদের সামান্য কিছু অংশ ব্যয় করলেই বিশ্বের ক্ষুধা সমস্যা সমাধান হয়ে যাবে বলে মনে করেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ডেভিড বিয়াসলে। সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেছেন।

ডেভিড বিয়াসলে বলেন, বিশ্বের অতি ধনীদের নেয়া ক্ষুদ্র উদ্যোগেই ক্ষুধা সমস্যার সমাধান হতে পারে। আর এজন্য তাদের ব্যয় করতে হবে মোট সম্পদের অতি সামান্য অংশ। বিশেষ করে বিশ্বের শীর্ষ দুই ধনী জেফ বেজোস ও ইলোন মাস্কের কথা উল্লেখ করেন তিনি।

বিশ্ব খাদ্য সংস্থার প্রধান বলেন, বিশ্বে এ মুহূর্তে এমন ৪ কোটি ২০ লাখ মানুষ আছেন যাদের কাছে এখনই আমরা যদি পৌঁছতে না পারি তাহলে তারা মৃত্যুর দিকে ধাবিত হবে। এদের সহায়তার জন্য প্রয়োজন মাত্র ৬০০ কোটি ডলার।

ব্লুমবার্গের তথ্য অনুসারে টেসলার প্রধান ইলোন মাস্কের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৮ হাজার ৯০০ কোটি ডলার। বলা হচ্ছে, বিশ্বজুড়ে মহামারী শুরুর পর ইলোন মাস্কের সম্পদ প্রায় দ্বিগুণ হয়েছে। যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজের তথ্য বলছে, অক্টোবর শেষে তার সম্পদের পরিমাণ দাঁড়াবে ৫ দশমিক শূন্য ৪ ট্রিলিয়নে। ডেভিড বিয়াসলে কেবল এ সম্পদের ২ শতাংশ অনুদান হিসেবে দিতে বলছেন। আর এতেই মিটবে বিশ্বের ক্ষুধার সমস্যা।

একদিকে মহামারীর সময়ে যেমন ইলোন মাস্কের সম্পদ বেড়েছে, তেমনি অসংখ্য মানুষ অতি দরিদ্র হয়েছে। অনেক দেশই দাঁড়িয়ে আছে দুর্ভিক্ষের দোরগোড়ায়।

গত সোমবার প্রকাশিত বিশ্ব খাদ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের প্রায় অর্ধেক মানুষ বা ২ কোটি ২৮ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে রয়েছে। ক্রমবর্ধমান বেকারত্ব ও তারল্য সংকটের মুখে পড়েছে দেশটি। এমন পরিস্থিতিতে পাঁচ বছরের কম বয়সী ৩২ লাখ শিশু প্রবল ঝুঁকির মধ্যে রয়েছে। দেশটিতে দেখা দিয়েছে মানবিক সংকট।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনও গত সপ্তাহে একটি সতর্কবার্তা জারি করেছে। সেখানে বলা হয়েছে, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তা সব দেশের সরকারের জন্যই সমস্যা তৈরি করবে। প্রতিবেদনে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে, কীভাবে জলবায়ু পরিবর্তন অভিবাসন সমস্যা বাড়াচ্ছে। আর এর মাধ্যমে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তন ও অভিবাসন সমস্যার মধ্যে যোগসূত্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করল মার্কিন প্রশাসন।

এর আগে বহুবার জলবায়ু পরিবর্তনের কারণে খাদ্য সমস্যা বেড়ে যাওয়া সম্পর্কে সতর্ক করেছিল বিশ্ব খাদ্য সংস্থা। বিশেষ করে মধ্য আমেরিকা অঞ্চলের ড্রাই করিডোর হিসেবে পরিচিত অঞ্চলটির কথা। ডেভিড বিয়াসলে বলেন, গুয়াতেমালা, হন্ডুরাস, এল সালভাদর ও নিকারাগুয়ার বহু মানুষকে তাদের খাদ্যসহায়তা দিতে হয়। বিশেষত হারিকেন ও বন্যার কারণে এ এলাকার মানুষের জীবনযাত্রায় ভীষণ পরিবর্তন এসেছে। সে কারণে বেড়েছে খাদ্য সংকট।

এছাড়া বিশ্ব খাদ্য সংস্থার হিসাব অনুযায়ী, ইথিওপিয়ার ৫২ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন। বিশেষ করে টাইগ্রে অঞ্চলের মানুষের অবস্থা বেশি সংকটাপন্ন। কারণ গত বছর থেকে টাইগ্রেস পিপলস লিবারেশন ফ্রন্ট নামের স্থানীয় একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির সরকার। দুই পক্ষের সংঘর্ষে হাজারো সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এমনকি মানবিক সহায়তা সংস্থাগুলোকেও এ অঞ্চলের মানুষের কাছে সহায়তা পৌঁছতে নানা বাধার সম্মুখীন হতে হচ্ছে, কোথাও কোথাও খাদ্য সহায়তাবাহী ট্রাকও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, টাইগ্রের মানুষ কীভাবে খাবার পাচ্ছে আর কীভাবে বেঁচে আছে সেটাই বুঝতে পারছেন না বিশ্ব খাদ্য সংস্থার প্রধান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ