ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

নিষিদ্ধ হচ্ছেন শ্রীলঙ্কার ৩ ক্রিকেটার

বায়ো বাবল ভেঙে বাইরে বেরিয়ে হাতে সিগারেট নিয়ে ঘুরার কারণে শাস্তির মুখে পড়ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। দলের তিন ক্রিকেটার দানুষ্কা গুনাথিলাকা, নিরোশান ডিকভেলা আর কুশল মেন্ডিস পড়ছেন নিষেধাজ্ঞার কবলে।
তারা গত জুন মাসে গিয়েছিল ইংল্যান্ড সফরে। সেখানে ডারহাম সফরকালে শ্রীলঙ্কার টিম হোটেল থেকে বেরিয়ে বাইরে ঘুরতে গিয়েছিলেন এই তিন ক্রিকেটার।

তাদের এই বেরোনোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, বায়ো বাবল ভেঙে বাইরে তো বেরিয়েছেনই, এমনকি হাতে সিগারেট নিয়েও ঘুরছেন তারা। এ নিয়ে বেশ বিপাকেই পড়তে হয় লঙ্কান ক্রিকেট বোর্ডকে।

সে অপরাধেই নিষিদ্ধ হয়েছেন তিন ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১ বছরের নিষেধাজ্ঞার সঙ্গে জরিমানার মুখেও পড়তে হয়েছে তাদের। সবাইকে দিতে হবে এক কোটি রুপি করে। এখানেই শাস্তি শেষ নয়। আগামী ছয় মাস তারা খেলতে পারবেন না ঘরোয়া ক্রিকেটও। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরের দুই বছর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড কড়া নজরদারিতে রাখবে তাদের।

শাস্তিটা আরও বড় হতে পারত তাদের। লঙ্কান সুপ্রিম কোর্টের বিচারক নিমল দিশানায়েকের অধীনে থাকা পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে সুপারিশ ছিল গুনাথিলাকা ও মেন্ডিসকে ২ বছর এবং ডিকভেলাকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করার। তবে লঙ্কান ক্রিকেট বোর্ড কিছুটা নমনীয় হয়েছে এক্ষেত্রে, তাই এ যাত্রায় এক বছরের নিষেধাজ্ঞাতেই পার পেয়ে গেছেন তিন লঙ্কান ক্রিকেটার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ