সাকিব আল হাসানের অপরাজিত ৯৬ রানের ইনিংসের ওপর ভর করে জিম্বাবুয়েকে তিন উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে ২-০ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ।
হারারের স্পোর্টস ক্লাবে মাঠে টসে জিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৪১ রানের টার্গেট দেয় স্বাগতিক জিম্বাবুয়ে। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশকে কক্ষপথে নিয়ে যান সাকিব। অষ্টম উইকেটে সাইফুদ্দিনের সঙ্গে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে পাঁচ বল বাকি থাকতে জয় পায় বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ ১৫৫ রানে জিতেছিল টাইগাররা।
বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার বল হাতে দারুণ কিছু করলেও ব্যাটে রান পাচ্ছিলেন না। সেই সাকিব জ্বলে উঠলেন সিরিজের দ্বিতীয় ম্যাচে। ১৭৩ রানে ৭ উইকেট হারানো দলকে টানলেন ব্যাট হাতে।
দ্বিতীয় ওয়ানডেতে হাতে এক উইকেট রেখে জিম্বাবুয়ের সংগ্রহ ২৪০ রান। ১৫৫ রানের জয় দিয়ে সিরিজ শুরু করা বাংলাদেশের সামনে এই লক্ষ্য খুব কঠিন কিছু নয়। তার ওপর জিতলেই সিরিজ নিশ্চিত। সেই সঙ্গে সুপার লীগের আরও ১০ পয়েন্টও। কিন্তু সেখানে বাংলাদেশ ১৪৫ রানে হারিয়ে ফেলে ৬ উইকেট। টপ ও মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু সাকিব আল হাসানের অনবদ্য ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।


















