ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন

শেষ ম্যাচেও জয় পেল উইন্ডিজ

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৬ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ। পাঁচ ম্যাচের সিরিজ ক্যারিবিয়ানরা জিতে নিল ৪-১ ব্যবধানে।

শনিবার (১৭ জুলাই) গ্রস আইলেটের ড্যারেন স্যামি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে করে ১৯৯ রান।

আরেকটি হাইভোল্টেজ ম্যাচ। আরেকটি রান উৎসবের উপলক্ষ্য। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ হতাশ করেননি। ২২ গজে চার-ছক্কার ফোয়ারা। ব্যাটে অজস্র রান। যেখানে একক আধিপত্যে ওয়েস্ট ইন্ডিজকে জেতালেন এভিন লুইস।

সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে লুইস ছিলেন দুর্দান্ত। একপ্রান্ত আগলে নিজের মতো করে ব্যাটিং করে যান। ৩৪ বলে ৭৯ রান করেন ৪ চার ও ৯ ছক্কায়। এরপর মিচেল মার্শের বলে সাজঘরে ফেরেন। তার আউটের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কেউ হাল ধরতে পারেননি। শেষ দিকে ১২ রান করে দলের রান ১৯৯ তে নিয়ে যান হেইডেন ওয়ালশ।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৩৭ রানে ৩ উইকেট নেন অ্যান্ডু টাই। ২টি করে উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা ও মিচেল মার্শ ।

অস্ট্রেলিয়ার টপ ও মিড অর্ডারের তিন-চার ব্যাটসম্যান রান পেলেও কেউ বড় ও ঝড়ো ইনিংস খেলতে পারেননি। অ্যারন ফিঞ্চ ২৩ বলে ৩৪ রান করে সীমানায় অ্যালেনের অসাধারণ ক্যাচে আউট হন। মিচেল মার্শের ব্যাট থেকে ১৫ বলে আসে ৩০ রান। ম্যাথু ওয়েড ১৮ বলে করেন ২৬ রান। শেষ দিকে টাই ১৫ ও সোয়েপসন ১৪ রান করে খানিকটা লড়াই করলেও ওয়েস্ট ইন্ডিজের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের দেখা পাননি তারা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে পেসার শেলডন কর্টেল ও আন্দ্রে রাসেল ৩টি করে উইকেট নিয়েছেন। হেইডেন ওয়ালশ পেয়েছেন ১ উইকেট।

অসাধারণ ইনিংসে লুইস ম্যাচসেরা এবং ১২ উইকেট নিয়ে স্পিনার হেইডেন ওয়ালস সিরিজ সেরা নির্বাচিত হন। দুই দল তিনটি ওয়ানডে খেলবে। ২১ ‍জুলাই প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর :

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৯/৮ (ফ্লেচার ১২, লুইস ৭৯, গেইল ২১, সিমন্স ২১, পুরান ৩১, রাসেল ১, অ্যালেন ১, ড্যারেন ব্রাভো ৫, ওয়ালশ ১২*, কটরেল ১*; বেহরেনডর্ফ ৩-০-৪৬-০, হেইজেলউড ৪-০-৩২-০, জ্যাম্পা ৪-০-৩০-২, সোয়েপসন ৩-০-৪১-১, টাই ৪-০-৩৭-৩, মার্শ ২-০-১২-২)।

অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮৩/৯ (ফিলিপি ০, ফিঞ্চ ৩৪, মার্শ ৩০, হেনরিকেস ১৪, কেয়ারি ৯, ওয়েড ২৬, টাই ১৫, সোয়েপসন ১৪*, বেহরেনডর্ফ ৫, জ্যাম্পা ০, হেইজেলউড ১৩*; কটরেল ৪-০-২৮-৩, টমাস ২-০-২৮-০, অ্যালেন ৩-০-২৯-০, রাসেল ৪-০-৪৩-৩, ওয়ালশ ৪-০-৪৩-১, গেইল ৩-০-৯-০)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৬ রানে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ৪-১ ব্যবধানে এগিয়ে।

ম্যান অব দা ম্যাচ: এভিন লুইস।

ম্যান অব দা সিরিজ: হেইডেন ওয়ালশ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ