ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছে ফজরের নামাজের পর একটি ঘটনা ঘটেছে। অনেক লোক পদ্মা সেতুতে এসে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে তাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী অত্যন্ত ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছুটা বাহিনী বৃদ্ধি করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও মোতায়েন নিয়মিত কার্যক্রমের অংশ।

ওই এলাকায় সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন