আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত হচ্ছে কক্সবাজারের পর্যটন মহাপরিকল্পনা। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকত ও পুরো উপকূলীয় এলাকার পর্যটনশিল্পকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে টেকসইভাবে গড়ে তোলাই এ পরিকল্পনার মূল লক্ষ্য।
আজ রোববার দুপুরে সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলনকক্ষে কক্সবাজারের পর্যটন খাতসহ জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত উচ্চপর্যায়ের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, কক্সবাজারের সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের কারিগরি সহায়তায় ট্যুরিজম মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ এগিয়ে চলছে। সভায় আগের বৈঠকের সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতিও পর্যালোচনা করা হয়েছে।
চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, মহেশখালী, উখিয়া, রামু ও টেকনাফসহ পুরো উপকূলীয় এলাকায় পরিবেশের ভারসাম্য বজায় রেখে কীভাবে টেকসই পর্যটনশিল্প গড়ে তোলা যায়, তা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।

মাস্টারপ্ল্যানে সমুদ্রসৈকত থেকে পৌর এলাকার মধ্যে ৩০০ মিটার এবং পৌর এলাকার বাইরে ৫০০ মিটার পর্যন্ত স্থাপনা নির্মাণ নিষিদ্ধসংক্রান্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আগের প্রজ্ঞাপন বা গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ট্যুরিজম মাস্টারপ্ল্যানে সব বিষয় সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। মাস্টারপ্ল্যান অনুমোদনের পর সে অনুযায়ী উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
তবে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ও সোনাদিয়াকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করে সেখানে নতুন কোনো স্থাপনা বা অবকাঠামো নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। দ্বীপ দুটিতে পরিবেশের ক্ষতি না করে শুধু ইকো-ট্যুরিজম বা পরিবেশবান্ধব পার্ক গড়ে তোলার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিদ্যমান স্থাপনাগুলোর বিষয়ে মাস্টারপ্ল্যান চূড়ান্ত হওয়ার পর যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।
মহেশখালীতে চলমান মেগা প্রকল্পগুলোর প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটির (মিডা) অধীনে সেখানে পাওয়ার হাব, টার্মিনালসহ বৃহৎ অর্থনৈতিক অবকাঠামো গড়ে উঠছে। উন্নয়নকাজে দ্বৈততা বা সমন্বয়হীনতা এড়াতে মিডার সঙ্গে নিবিড় সমন্বয় রেখেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হচ্ছে বলে জানান তিনি। এর ফলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আরও বেশি পর্যটক কক্সবাজারে আসবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।


















