ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

“কাঙ্ক্ষিত তথ্য মিলছে না”: সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড চায় ডিবি

কিশোর মোতালেব হত্যা মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের কাছ থেকে কাঙ্ক্ষিত তথ্য পাওয়া যায়নি বলে দাবি করেছে পুলিশ। এ অবস্থায় তৃতীয় দফায় তাকে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৯ নভেম্বর) দুই দফা রিমান্ড শেষে সাঈদ খোকনকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক সুজন হক রিমান্ডের আবেদন করেন। এ আবেদনের ওপর আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে।

রিমান্ড আবেদনে পুলিশ দাবি করেছে, ডিবি কার্যালয়ে নিবিড় জিজ্ঞাসাবাদেও সাঈদ খোকন মামলার মূল রহস্য এড়িয়ে গেছেন এবং বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। এজাহারনামীয় পলাতক আসামিদের অবস্থান জানতে চাইলে অধিকাংশ সময় তিনি নীরব থেকেছেন।

আবেদনে আরও অভিযোগ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন সাঈদ খোকন। পুলিশের দাবি, তার নির্দেশনা ও পূর্বপরিকল্পনায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং ধানমন্ডি ও আশপাশের এলাকায় ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ হয়। সরকার পতনের পর আত্মগোপনে থেকেও তার নেতৃত্বে ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ঝটিকা মিছিল হয়েছে এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলেও আবেদনে অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, সাঈদ খোকনের দেওয়া তথ্য যাচাই, পলাতক আসামিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং ঝটিকা মিছিলে অংশ নেওয়াদের শনাক্ত করতে তাকে আবার জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ছাড়া তার দেওয়া পরস্পরবিরোধী তথ্যের সত্যতা যাচাইয়েরও প্রয়োজন রয়েছে।

এর আগে ১৭ নভেম্বর প্রথম দফায় সাত দিনের এবং ২৪ নভেম্বর দ্বিতীয় দফায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন