ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

ডিএসইতে দেশের প্রথম অরেঞ্জ বন্ডের রিং দ্য বেল ও ক্লোজিং অনুষ্ঠান অনুষ্ঠিত

ঢাকা, ২৯ নভেম্বর ২০২৬: দেশের প্রথম অরেঞ্জ বন্ড “সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড”-এর সফল সমাপ্তি ও তালিকাভুক্তি উপলক্ষে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের মাল্টিপারপাস হলে রিং দ্য বেল ও ক্লোজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জনাব মাসুদ খান। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান জনাব মমিনুল ইসলাম, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক জনাবা নুজহাত আনোয়ার, সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাবা জাহিদা ফিজ্জা কবির, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ রাশেদ হোসেন এবং মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বিনিয়োগকারী ও পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনরাও অনুষ্ঠানে অংশ নেন।

সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড একটি জেন্ডার-লেন্স থিমেটিক বন্ড, যার অনুমোদিত অভিহিত মূল্য ১৫৮.৫০ কোটি টাকা। বন্ডটি ১০ শতাংশ ডিসকাউন্ট রেটে ১, ২ ও ৩ বছর মেয়াদে ইস্যু করা হয়েছে। বন্ডটিতে ৬৭ জন বিনিয়োগকারী মোট ১৫৮ কোটি টাকার সাবস্ক্রিপশন করেছেন। এটি দেশের প্রথম প্রাইভেট প্লেসমেন্ট বন্ড, যা ডিএসইর ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়েছে। করপোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ও গ্র্যাচুইটি ফান্ড, বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও ব্যক্তি বিনিয়োগকারীরা বন্ডটিতে বিনিয়োগ করেছেন।

বন্ডটি অরেঞ্জ বন্ড প্রিন্সিপলস ও আইসিএমএ সোশ্যাল বন্ড প্রিন্সিপলস অনুসরণ করে, যা আইআইএক্সের সেকেন্ড পার্টি ওপিনিয়নে নিশ্চিত করা হয়েছে, এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৫ (লিঙ্গ সমতা) অর্জনে সহায়ক। সাজেদা ফাউন্ডেশন বন্ডের অর্থ নারীকেন্দ্রিক ঋণ কার্যক্রমে ব্যবহার করবে: খাদ্য নিরাপত্তা ও কৃষি (প্রায় ৪৮ শতাংশ), এসএমই ও কর্মসংস্থান সৃষ্টি (প্রায় ৩২ শতাংশ) এবং আবাসন (প্রায় ২০ শতাংশ)। বিনিয়োগকারীরা প্রতি বছর একটি সামাজিক প্রভাব প্রতিবেদন পাবেন।

অনুষ্ঠানে আনুষ্ঠানিক ঘণ্টা বাজানো, “বিয়ন্ড দ্য বন্ড” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন এবং “প্রথাগত অর্থায়নের বাইরে: বাংলাদেশে থিমেটিক বন্ডের সম্ভাবনা উন্মোচন” শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

“আজ আমাদের পুঁজিবাজার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল যে নারীর জন্য বিনিয়োগ দান নয়, এটি সুদৃঢ় অর্থায়ন। থিমেটিক বন্ডের তালিকাভুক্তি ও লেনদেন আরও সহজ, দ্রুত ও সবার জন্য সহজলভ্য করতে ডিএসই প্রতিশ্রুতিবদ্ধ।”
— মমিনুল ইসলাম, চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি

“অ্যারেঞ্জার হিসেবে আমাদের কাজ ছিল একটি শক্তিশালী ধারণাকে এমন একটি আর্থিক উপকরণে রূপ দেওয়া, যার ওপর বাজার আস্থা রাখতে পারে। আমরা আশা করি, এই পথিকৃৎ লেনদেন দেশে আরও গ্রিন, সোশ্যাল, সাসটেইনেবল ও অরেঞ্জ বন্ডের পথ খুলে দেবে।”
— সৈয়দ রাশেদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন