রাজধানীতে এক রাতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে এগারোটার মধ্যে মিরপুর ও দৈনিক বাংলা মোড়ে পৃথক তিনটি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কোনো ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার সন্ধ্যায় মিরপুর-১০ গোলচত্বর থেকে মিরপুর-১ এর দিকে যাওয়ার পথে ফায়ার সার্ভিস কার্যালয়ের বিপরীত পাশে ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন লাগে। রাত ৭টা ৩৮ মিনিটে খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের সদস্যরা আগুন নির্বাপণ করেন। যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা চলন্ত বাসটিতে আগুন দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এরপর রাত ১১টার দিকে মিরপুর-১৪ নম্বরে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সাড়ে ১১টার দিকে দৈনিক বাংলা মোড়ে গাবতলী-সায়েদাবাদ রুটে চলাচলকারী ৮ নম্বর বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে রাত ১২টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
মিরপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম জানান, মিরপুরের দুই ঘটনায় কেউ হতাহত হননি। ইতিহাস পরিবহনের বাসের চালক ও হেলপারকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।



















