এলএনজিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের কারণে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের মুখে পড়তে হতে পারে। নতুন এক প্রতিবেদনে এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
শনিবার প্রকাশিত ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছে মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৯ বিলিয়ন এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয়ের প্রাক্কলন করা হয়েছে।
মহাপরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী এলএনজির গড় দাম দীর্ঘ মেয়াদে অপরিবর্তিত থাকলে আমদানি ব্যয় বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমে গেলে এই ব্যয় ৭ বিলিয়ন ডলারে নেমে আসতে পারে।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, জ্বালানির বাড়তি খরচে বিদ্যুতের দাম বাড়তে পারে, উৎপাদনশীল শিল্প খাত চাপে পড়তে পারে এবং দেশ আন্তর্জাতিক বাজারের অস্থিরতার মুখে পড়বে। প্রস্তাবিত বিদ্যুৎকেন্দ্রগুলো তাদের পুরো মেয়াদে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারে, যা দেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিভিত্তিক কার্বন নিঃসরণের ১০ গুণেরও বেশি।
প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ৩০ গিগাওয়াট।


















